প্রেরণার নাম মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন হোসেন
আল আমিন হোসেন

মাশরাফি বিন মুর্তজার এই গুণটার কথা সম্ভবত সবারই জানা। চাঙা রাখতে পারেন ড্রেসিংরুম, উজ্জীবিত করতে পারেন সতীর্থদের। এমনিতে তাঁর ক্যারিয়ারটাই তো নিরন্তর অনুপ্রেরণার উৎস। তো এই মাশরাফির অনুপ্রেরণাতেই আজ টেস্ট দলে ঢুকে গেলেন এক তরুণ পেসার। নাম? আল আমিন হোসেন!
গত মাসে খুলনায় বিসিবি সবুজ ও লাল দলের প্রস্তুতি ম্যাচে দুজন খেলেছেন দুই দলে। তবে মাশরাফির সাহচর্য ঠিকই পেয়েছিলেন আল আমিন। উইকেট মাত্র দুটি পেলেও ওই ম্যাচে আগুন ঝরানো বোলিং করেছিলেন ঝিনাইদহের তরুণ। ওই বোলিং দেখেই মাশরাফি তাঁকে বলেছিলেন, ‘দারুণ বোলিং করছিস। এভাবেই করে যা, ঢাকা লিগটা ভালো করে খেল, দেখবি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়ে যাবি।’
উত্তরসূরির প্রতি শুধুই দুটি বাক্য মাশরাফির। আল আমিনের মনে সেটাই ছিল ভালো লাগার তোলপাড়, অনুপ্রেরণার ঝরনাধারা। মনে মনে জেদ ধরলেন, লিগে এবার একটা কিছু করবেনই। সেই জেদেরই প্রতিফলন প্রথম ম্যাচেই, সিসিএসের বিপক্ষে ১৬ রানে ৬ উইকেট। পরের ম্যাচে আবার ৫ উইকেট, পরশু ৪ উইকেট। সব মিলিয়ে ৬ ম্যাচে ১৮ উইকেট। পুরস্কারটাও পেলেন হাতেনাতে।
কাল টেস্ট দলের নাম যখন ঘোষণা হলো, আল আমিন ব্যাটিং করছেন ফতুল্লায়। প্রাইম ব্যাংকের বিপক্ষে আউট হলেন আবাহনীর শেষ ব্যাটসম্যান হিসেবে। ১২০ রানের পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে ড্রেসিংরুমে ফিরেই পেলেন জীবনের সবচেয়ে বড় সুখবরটি! তবে কালো মেঘ কাটিয়ে মনের আকাশে উজ্জ্বল রোদ আনতে পারেনি ওই সুখবরও, ‘আবাহনী টানা পাঁচ ম্যাচ হারল। প্রথমেই মনে হয়েছে, আমি এখন জাতীয় দলে চলে গেলে তো দলের অবস্থা আরও খারাপ হবে! শুরুতে তাই খুব একটা উপভোগ করতে পারছিলাম না খবরটি।’
তবে সময়ের সঙ্গে কেটে গেছে বিষাদ। পরিচিতদের ফোনের বন্যায়, পরিবারের সবার উচ্ছ্বাসে খুশির জোয়ার আসতে শুরু করেছে তাঁর মনেও। তবে ২৩ বছর বয়সের তুলনায় পরিণতিবোধটা মনে হলো অনেকটাই বেশি। উচ্ছ্বাসে না উড়ে পা রাখছেন মাটিতেই, ‘মাত্র ডাক পেলাম দলে, শুরুতে দলে আসা-যাওয়াও হতে পারে কয়েকবার। সবই আমার মাথায় আছে। টেস্ট খেলার সুযোগ পেলে লক্ষ্য থাকবে ভালো জায়গায় বল করা। উইকেট না পেলেও বোলিং যাতে ভালো করি। আর চাই ইনজুরিমুক্ত থেকে ভালো বোলিং করে যেতে। তাহলে লম্বা সময় খেলতে পারব দলে।’
বাংলাদেশের পেস বোলিংয়ে এখন এমন একজনকেই খুব প্রয়োজন—লম্বা দৌড়ের ঘোড়া!