অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটিকে ভারতের নেওয়া উচিত উপভোগের উপলক্ষ হিসেবে। সত্যিকার অর্থেই রিকি পন্টিংয়ের বাজে সময় যাচ্ছে। নতুন বলে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররাই বল করেছে এবং যে দুজন স্পিনার খেলেছে, তারা একটুও ভয় ধরানোর মতো কিছু করতে পারেনি। এ ম্যাচেও সেটা করতে পারবে বলে মনে হয় না। ওদের বিশ্বকাপে জয়রথটাও আর অপরাজিত নেই।শ্রীলঙ্কা থেকে উড়ে এসেছে অস্ট্রেলিয়া। এমন একটি ভেন্যুতে এসে ওরা পড়ছে, যেখানকার প্রতিটি আসন, ঘাস কিংবা বালুকণা ওদের বিপক্ষে। ভারত এরই মধ্যে তাদের স্পিনিং সমন্বয় খুঁজে পেয়েছে। যুবরাজ সিং এই বিশ্বকাপে খুব কম ম্যাচেই উইকেটশূন্য থেকেছে। জহির তো সব সময়ই প্রতিপক্ষের জন্য বড় হুমকি। এদিকে টুর্নামেন্টে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এখনো সেঞ্চুরি পায়নি। পাকিস্তান ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের স্পিন খেলতে হয়েছে ২৯ ওভার। ঠিকভাবে খেলতে পারেনি তারা। বিশ্ব চ্যাম্পিয়নরা হাঁটুতে ঠোক্কর খেয়েছে।অস্ট্রেলিয়া এসেছে পেসারদের বহর সাজিয়ে। তারা প্রচুর শর্ট বলও করছে, যদিও তা তাদের পছন্দনীয় কৌশল। মোতেরার উইকেট ব্যাটিং-সহায়ক বলে মনে হয় না—এটির বিপক্ষে ইউসুফ পাঠান বা সুরেশ রায়না ভয়ে পিছু হটবে না। শচীন টেন্ডুলকার যদি ব্যর্থ হয় এবং আগের দুই ম্যাচের মতো ভারতের লোয়ার অর্ডার ভেঙে পড়লেই কেবল সুযোগ আসতে পারে ওদের।সুরেশ রায়নার বদলে বীরেন্দর শেবাগ—এ ছাড়া ভারতের একাদশ নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে মজাটা হলো, খুব কম খেলোয়াড়ই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, শচীন টেন্ডুলকার আলাদা। যুবরাজ সিং ও জহির খান তো অবশ্যই যোগ্যতার প্রমাণ দিয়েছে, গত ম্যাচে হরভজনকেও ভালো দেখা গেছে। তবে প্রতি ম্যাচেই কিন্তু ভারতের কিছু না কিছু টালমাটাল মুহূর্ত এসেছে।ভারতকে কিন্তু সতর্ক থাকতে হবে ব্যাটিং পাওয়ার প্লেতে। এটা এলেই যেন ব্যাটিংয়ে ধস নামে। ভারত এটা আগেভাগেই নিয়ে নিতে পারে অথবা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সবাইকে সতর্ক করে দিতে পারে। শেষ দিককার ব্যাটসম্যানরা উইকেটে জমতে কম বলই পায়। আগের ম্যাচে ধোনি লেগ স্পিনার বিশুর ওপর চড়াও হতে গিয়েছিল, কিন্তু নিজেই আউট হয়ে ফিরে গেছে। তবু এটাই পথ।ভারতের দরকার প্রেরণার স্ফুলিঙ্গ। ব্যক্তিগতভাবে ধরলে এটা হতে পারে শচীন টেন্ডুলকারের প্রতি অঙ্গীকার। হতে পারে গ্যারি কারস্টেনের বিদায়ের উপলক্ষ। এত এত প্রতিভাবান ব্যাটসম্যানে ভরা একটা দলের অবশ্যই ভালো করা উচিত। আত্মবিশ্বাসের সংকটে ভোগার কোনো কারণই নেই। বর্তমানে ভারত শেষ ১০ ওভারে রান তোলার জন্য খুব ছটফট করে। এসব না করে তাদের যা প্রয়োজন, সেটাই করা উচিত। সহজ এবং সরলভাবে এগিয়ে চলাই হওয়া উচিত মন্ত্র।আশা করি, ভারত সবদিক দিয়ে নিখুঁত একটি ম্যাচ খেলবে। আর এটা করতে পারলেই খুব সহজে জিতবে তারা।