প্রেসিডেন্ট হচ্ছে আলংকারিক পদ!
ধারণা করা হয়েছিল, আইসিসির পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিসিবির প্রধান আ হ ম মুস্তফা কামালের নাম ঘোষণা করা হবে গতকালই। কিন্তু যে ঘোষণাটা এল, তাতে ভাইস প্রেসিডেন্ট পদটা থাকছে কি না, সন্দেহ এখন সেটি নিয়েই। আইসিসির প্রেসিডেন্ট পদ নিয়ে এত আলোচনা, পাকিস্তানের সঙ্গে ‘বিনিময়ের’ গুঞ্জন, অথচ প্রেসিডেন্টের ক্ষমতাই খর্ব করা হচ্ছে, পদটা হয়ে যাচ্ছে আলংকারিক!কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। তবে দুবাইয়ে আইসিসির নির্বাহী কমিটির দুই দিনের সভা শেষে এসেছে এই সুপারিশগুলোই। এপ্রিলে নির্বাহী কমিটির পরের সভায় সুপারিশগুলোর প্রয়োজনীয় কিছু সংশোধনী, সংযোজন-বিয়োজন হতে পারে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে জুনে আইসিসির বার্ষিক সভায়।নির্বাহী কমিটির সুপারিশ অনুযায়ী, ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট পদটা হবে অনেকটা দূতের মতো। আগের মতোই সব অঞ্চল থেকে পালাক্রমে নির্বাচিত করা হবে প্রেসিডেন্ট, তবে দুই বছরের জায়গায় মেয়াদ হবে এক বছর। আর ‘চেয়ারম্যান’ নামে নতুন একটি পদ সৃষ্টি করা হবে, তিনিই হবেন মূলত আইসিসির প্রধান। চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি। আইসিসির বর্তমান প্রেসিডেন্ট শারদ পাওয়ারের মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। বর্তমান ভাইস প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাক তখন পরবর্তী দুই বছরের জন্য হবেন প্রেসিডেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট হওয়ার কথা বাংলাদেশের মুস্তফা কামালের। নিয়ম অনুযায়ী, ২০১৪ সালে তাঁর হওয়ার কথা প্রেসিডেন্ট।তবে সুপারিশক্রমে প্রেসিডেন্ট পদের ক্ষমতাই যেহেতু খুব বেশি থাকছে না, সে ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টের কাজ কী হবে বা আদৌ ভাইস প্রেসিডেন্ট পদের প্রয়োজন আছে কি না, সেটা নিয়েই এখন প্রশ্ন। এপ্রিলের সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এ জন্যই বাংলাদেশ-পাকিস্তানের প্রার্থী মুস্তফা কামালের নাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাল ঘোষণা করা হয়নি।আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপারিশগুলো এসেছে সর্বসম্মতিক্রমে। তার মানে, বাংলাদেশও এই সুপারিশগুলোর সঙ্গে একমত। বার্তা সংস্থা এএফপিকে মুস্তফা কামাল সেটা নিশ্চিতও করেছেন। প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করায় তিনি নাকি হতাশও নন, ‘হতাশ হব কেন? এই সুপারিশগুলো নিয়ে আলোচনা হচ্ছিল কিছুদিন ধরেই এবং সম্ভাব্য সেরা সমাধানটাই বের করা হয়েছে, আমি নিজে যেটার অংশ ছিলাম। ২০১৪ সালে আমি তো প্রেসিডেন্ট হচ্ছিই!’ ওয়েবসাইট।