প্রেসিডেন্টস কাপে শেখ রাসেল
ফেডারেশন কাপ, লিগ ও স্বাধীনতা কাপ জয়। গত বছরটা দুর্দান্তই কেটেছিল শেখ রাসেল ক্রীড়াচক্রের। লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার তারা পাচ্ছে এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার সুযোগ।
এএফসি প্রেসিডেন্ট কাপে শেখ রাসেলের গ্রুপের খেলা কলম্বোয়, ৭-১১ মে। এএফসির ওয়েবসাইট থেকে পাওয়া খসড়া সূচিতে দেখা যাচ্ছে, ৭ মে প্রথম ম্যাচে শেখ রাসেলের প্রতিপক্ষ পাকিস্তানের কেআরএল ক্লাব। ৯ মে দ্বিতীয় ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিমানবাহিনীর সঙ্গে। ১১ মে শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ ভুটানের আগইয়েন একাডেমি।
তিনটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে চূড়ান্ত রাউন্ডে। সে দিক থেকে চূড়ান্ত পর্বের টিকিট পাওয়া কঠিন নয়। তবে শেখ রাসেলের কোচ মারুফুল হক সহজও মনে করছেন না, ‘এটি কেআরএল ক্লাবের টানা চতুর্থ প্রেসিডেন্টস কাপ। ওদের দুজন খেলোয়াড় কিরগিজস্তান লিগে খেলে। এই ম্যাচেই যা করার করতে হবে। পরের দুটি ম্যাচ সহজ হবে না। তবে আমি আশাবাদী।’