প্রেসিডেন্টের নিমন্ত্রণে ম্যারাডোনার ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ অভিযান শেষে আর্জেন্টিনা দেশে ফিরল। হাজারো মানুষ বিমানবন্দরে গিয়ে অভিনন্দন জানাল ম্যারাডোনা এবং তাঁর দলকে। ‘ডিয়েগো আমাদের যা দিয়েছে আমরা তাতেই খুশি’—ঘোষণা করে দিল তারা। আর্জেন্টিনার মানুষ খুশি হতে পারে, জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ায় খুশি নন ডিয়েগো ম্যারাডোনা।আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার ম্যারাডোনা এবং তাঁর দলকে নিমন্ত্রণ করেছিলেন। কিন্তু ‘এর যোগ্য আমরা নই বলে’ সেই নিমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টিনা দলের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই, ‘আমি আমাদের জাতীয় দলকে পিঙ্ক হাউসে (রাষ্ট্রপতির ভবন) নিমন্ত্রণ করেছিলাম। কিন্তু খেলোয়াড়েরা আমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। কারণ নিজেদের এর যোগ্য বলে মনে করে না তারা।’তবে আর দশজন আর্জেন্টাইনের মতো ৫৭ বছর বয়সী ক্রিস্টিনা কির্চনারও মনে করেন আর্জেন্টিনা ভালোই করেছে, ‘আমি বিশ্বাস করি তাদের এই ধারণা ভুল এবং এই সংবর্ধনা এই দলটির প্রাপ্য। আমি তাদের জন্য অপেক্ষা করব। আর্জেন্টিনা চিরজীবী হোক।’ফুটবল-পাগল দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্টও ফুটবল-পাগল। শত ব্যস্ততার মাঝেও সময় বের করে নিয়ে দেখেছেন আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচ। জার্মানির বিপক্ষে হেরে যাওয়ার পর খুব কষ্ট পেয়েছেন। সেই কষ্ট বুকে চেপে ম্যারাডোনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করেছিলেন তিনি। কিন্তু বিধ্বস্ত ম্যারাডোনা কান্নার তোড়ে তখন কথাই বলতে পারেননি প্রেসিডেন্টের সঙ্গে। ‘আমি শনিবার তার সংবাদ সম্মেলনের পর ফোন দিয়েছিলাম। কিন্তু সে কোনো কথাই বলতে পারেনি, কারণ সে শুধু কাঁদছিল’—সেই সময়টার কথা জানিয়েছেন কির্চনার।আর আর্জেন্টিনা দেশে ফেরার পর অন্য সবার মতো কির্চনারও ম্যারাডোনা এবং তাঁর দলকে অভিনন্দন জানিয়েছেন। ১৯৮৬ বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলে বলতে গেলে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন ম্যারাডোনা। ১৯৯০ বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। কির্চনারের চোখে বারবার ভেসে ওঠে খেলোয়াড় ম্যারাডোনার সেই ছবি, ‘আমি তাকে সমর্থন দিয়েছি একটি কারণেই। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনার মতো আর কেউ ফুটবল দিয়ে এত আনন্দ দিতে পারেনি।’দেশের মানুষের ভালোবাসা, প্রেসিডেন্টের সমর্থন; সবাই আছেন ম্যারাডোনার পাশে। তবু ভাঙা মন জোড়া লাগে না ম্যারাডোনার। বিশ্ব জয় করতে গিয়ে শেষ আটেই অভিযান শেষ হয়ে যাওয়াটা মেনেই নিতে পারছেন না আর্জেন্টিনার কোচ। তাই তো ব্যর্থতার দায় কাঁধে নিয়ে নিতে চান বিদায়, ‘এই তো সব। আমার চক্র পূর্ণ হয়েছে। আমার যা ছিল সবই দিয়েছি আমি।’ এএফপি।