প্রো-কাবাডিতে যাওয়া হলো না মাফতুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার কাবাডি লিগ প্রো-কাবাডিতে খেলতে গত বছর ভারতে গিয়েছিলেন রেইডার জিয়াউর রহমান ও অলরাউন্ডার আরদুজ্জামান। ১৮ জুলাই মুম্বাইয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরেও বাংলাদেশ থেকে অন্তত একজন খেলোয়াড়ের অংশ নেওয়টা নিশ্চিত ছিল। কিন্তু চোটের কারণে সেই স্বপ্ন ভেঙে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড় মাফতুন হকের।
গত বছর ইনচনে এশিয়ান গেমসে এবং থাইল্যান্ডে এশিয়ান বিচ গেমসে মাফতুনের খেলা দেখেছিলেন প্রো-কাবাডির বিভিন্ন দলের কর্মকর্তারা। এরপরই কাবাডি ফেডারেশনের কাছে খেলোয়াড় চেয়ে চিঠি পাঠায় প্রো-কাবাডি লিগ কর্তৃপক্ষ। ফেডারেশন এবার মাফতুন হক ও আরদুজ্জামান ছাড়াও বিমানবাহিনীর উদীয়মান খেলোয়াড় সোলেমান কবির নোমানের নামও দিয়েছিল। আট দলের মধ্যে শুধু ইউ-মুম্বাই মাফতুনকে নিতে আগ্রহ দেখায়। মুম্বাই কর্মকর্তারা মাফতুনের সঙ্গে ২ লাখ ৩০ হাজার রুপির চুক্তিও সেরে ফেলেন। কিন্তু দুর্ভাগ্য মাফতুনের, গত মাসের জাতীয় কাবাডির গ্রুপ পর্বের ম্যাচে বিমানবাহিনীর সঙ্গে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান। এরপর ফেডারেশনই চিঠি দিয়ে মুম্বাইকে জানিয়ে দেয়, চোটের কারণে মাফতুন খেলতে পারবেন না। প্রথমবারের মতো প্রো-কাবাডি লিগে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ মাফতুন, ‘খেলতে পারব না, এটা জানার পর থেকেই খুব খারাপ লাগছে।’ চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামে আছেন তিনি। মাফতুনের চিকিৎসক জানিয়েছেন, এই অবস্থায় খেলতে গেলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুল মান্নান অবশ্য এত সহজেই হাল ছাড়ছেন না, ‘বাংলাদেশ থেকে মাফতুনের বদলে ওরা নোমানের কথাও ভেবে রেখেছে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে ওকে হয়তো নিতে পারে মুম্বাই।’
আট দলের প্রো-কাবাডি লিগ শেষ হবে আগামী ২৩ আগস্ট।