প্রোটিয়াদের নতুন লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাশিম আমলা নিশ্চয় সময়টা খুব উপভোগ করছেন। টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই সিরিজ জয়—আমলার উচ্ছ্বসিত হওয়ার জন্য এটুকুই ছিল যথেষ্ট। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বছর পর টেস্ট সিরিজ জয়ই শুধু নয়, ১-০ ব্যবধানের সেই জয় দক্ষিণ আফ্রিকাকে আবার ফিরিয়ে নিয়ে গেছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে।
তবে সিরিজ জয়টা মোটেও সহজ ছিল না। গল টেস্টে ১৫৩ রানে জয়ের পর কলম্বোর দ্বিতীয় টেস্ট নাটকীয় ড্র। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ছুড়ে দিয়েছিল ৩৬৯ রানের চ্যালেঞ্জ। কিন্তু লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে ১৪৮ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই টেলএন্ডার ভারনন ফিল্যান্ডার ও ইমরান তাহিরের বীরত্বে।
হেরাথ-পেরেরার স্পিন বিষে শীর্ষ ব্যাটসম্যানরা যেখানে ছিলেন অসহায়, সেখানে ফিল্যান্ডার-তাহিরের ৮.৪ ওভার কাটিয়ে দেওয়া বলার মতো ঘটনাই। উইকেটে টিকে থাকার বীরত্ব আসলে কম-বেশি দক্ষিণ আফ্রিকানরা সবাই দেখিয়েছেন। ৮ উইকেটে ১৫৯ রান করতে প্রোটিয়ারা কাটিয়ে দিয়েছে ১১১ ওভার! তাই আমলা ছিলেন সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ, ‘লড়াইটা ছিল কঠিন। মানসম্পন্ন স্পিনারদের বিপক্ষে উইকেটে ১১১ ওভার কাটিয়ে দেওয়ার কৃতিত্ব ছেলেদের দিতেই হবে।’
দক্ষিণ আফ্রিকার এখন লড়াই শ্রেষ্ঠত্ব ধরে রাখার। সেই লড়াইয়ে তাদের প্রথম মিশন এ মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের সিরিজ। এএফপি।