প্রোটিয়াদের সামনে অন্য উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫

ভারতের বিপক্ষে ১৩০ রানের লজ্জার পর হঠাৎ করেই কিছুটা টলোমলো দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আয়ারল্যান্ড-ধাক্কা সামলে পাকিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে দারুণ দুই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে এখন মনে হচ্ছে বদলে যাওয়া দল! 
অথচ দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক দ্বৈরথ বলছে, সিডনিতে আজ ওয়েস্ট ইন্ডিজের উড়ে যাওয়ার কথা খড়কুটোর মতোই। দুই দলের সর্বশেষ ১৮ ম্যাচের ১৬টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা, নিজেদের মাঠে ৪-১ ব্যবধানে সিরিজ জেতার স্মৃতিটা তো এখনো টাটকা। এবি ডি ভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরি অনেক দিনই তাড়া করে বেড়াবে হোল্ডারদের।
ভারতের কাছে অমন হারের পর ডি ভিলিয়ার্সকে হয়তো এখন সেই স্মৃতি থেকেই কুড়িয়ে নিতে হচ্ছে আত্মবিশ্বাসের রসদ। ওয়েস্ট ইন্ডিজের ‘অ্যাকিলিস হিলটা’ তো তাঁর ভালোই জানা, ‘তারা খুবই বিপজ্জনক একটা ক্রিকেট দল। তবে আমি বিশ্বাস করি জায়গামতো চাপ দিতে পারলে অন্য দেশের মতো ওরাও ভেঙে পড়বে। ওদের দলে দুর্বলতা আছে, সেগুলোতেই আঘাত করতে হবে আমাদের। বিশেষ করে চাপের সময়।’
শেষ কথাটাই আসলে দক্ষিণ আফ্রিকার জন্য অশনিসংকেত। চাপের মুখে খেই হারিয়ে ফেলার ইতিহাস তো তাদের পুরোনো নয়। ১৯৯৬ সালের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে একাই জিতিয়ে দিয়েছিলেন ব্রায়ান লারা। ২০০৩ সালে কেপটাউনেও হন্তারক আবার সেই লারাই। এর পরের দুই আসরেই দক্ষিণ আফ্রিকা প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু আখেরে সেটা খুব বেশি কাজে দেয়নি।
বড় টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ জয়টা অবশ্য সেই ২০০৬ সালের চ্যাম্পিয়নস ট্রফি। সেবার যাঁর ব্যাটে জয়টা এসেছিল, কাকতালীয়ভাবে এবারও সবটুকু আলো ক্রিস গেইলের ওপর। জিম্বাবুয়ের সঙ্গে দীর্ঘদিনের রানখরা কাটিয়েছেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরিতে। তবে গেইলকে নিয়ে উদ্বেগের ক্ষীণ মেঘ ক্যারিবীয় আকাশে। কাল দলের সঙ্গে অনুশীলন করেননি। তাহলে কি পিঠের পুরোনো ব্যথাটা আবার ভোগাচ্ছে? ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার অবশ্য বলছেন, এটা গুরুতর কিছু নয়। এমনকি ডি ভিলিয়ার্সও এটাকে খুব বড় করে দেখলেন না, ‘সে তো নিয়মিত অনুশীলনই করে না। ওর সঙ্গে আমি বেঙ্গালুরুতে (আইপিএলে) খেলেছি, নেটে খুব বেশি দেখা যায় না ওকে।’
তার পরও অবশ্য দুই দলেই আজ পরিবর্তন আসার কথা। চোটগ্রস্ত ভারনন ফিল্যান্ডারের জায়গা নিতে পারেন কাইল অ্যাবট, ওয়েইন পারনেলকে সরিয়ে দলে আসতে পারেন রাইলি রুশো বা ফারহান বেহারডিয়েনদের একজন। চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুলিমান বেনেরও আজ দলে ফেরার কথা। এএফপি, আইসিসি।

মুখোমুখি দক্ষিণ আফ্রিকা–ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচ দ. আফ্রিকা ও. ইন্ডিজ টাই/পরি.
মোট ৫৭ ৪২ ১৩ ১/১
বিশ্বকাপে ৫ ৩ ২ -