প্রোটিয়া দুর্গের সার্থক রক্ষক ক্যালিস
টেস্ট ক্রিকেটে ভারতের ‘শেষ দুর্গ’ দখলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালেন জ্যাক ক্যালিস। নিউল্যান্ডসে একাই লড়ে গেলেন ভারতীয় বোলারদের বিপক্ষে। ব্যথায় জর্জরিত শরীর নিয়ে দুর্গ রক্ষার লড়াইয়ে অবিচল থাকলেন অসাধারণ এক সেঞ্চুরি করে। ব্যক্তিগত ১০৯ রানে অপরাজিত থেকে ক্যালিস যখন চতুর্থ দিন পার করে দিলেন, তখন দক্ষিণ আফ্রিকা দাঁড়িয়ে অনেকটাই শক্ত জমিনের ওপর। টেস্ট ক্রিকেটের শেষ দুর্গ জয়ের লড়াইয়ে ভারত তখনো ৩৪০ রানে পিছিয়ে।নিউল্যান্ডস টেস্টের গোটা চতুর্থ দিনটিই ছিল ক্যালিসময়। উইকেটে দাঁড়িয়ে ঠিকমতো শট খেলা যাচ্ছিল না, দুরূহ এ পরিস্থিতিতে জ্যাক ক্যালিসের ব্যাট ঝলসে উঠল দুর্দমনীয় স্পৃহায়। একজন অভিজ্ঞ ক্রিকেট-সেনা যে তাঁর অনমনীয় ক্যারিশমা দিয়ে টেস্টের গতিপ্রকৃতি বদলে দিতে পারেন, তার সবচেয়ে বড় প্রমাণ নিউল্যান্ডসে ক্যালিসের এ অসাধারণ ইনিংস।দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার পর শুরুটা তাদের একেবারেই ভালো ছিল না। ৬৪ রান তুলতেই চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে দূরে সরে যাওয়ারই উপক্রম হয়েছিল প্রোটিয়াদের। ভারতীয়দের চোখেও ছিল নিউল্যান্ডস জয়ের স্বপ্ন। এমনই একটি পরিস্থিতিতে জ্যাক ক্যালিস দাঁড়িয়ে পড়লেন অবিচল দৃঢ়তায়। অসীম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে আস্তে আস্তে চড়াও হলেও ভারতীয় বোলারদের ওপর। ক্লাসিক টেস্ট ইনিংসের চমত্কার এক উদাহরণ হতে পারে ক্যালিসের গতকালকের এই ইনিংস। ক্যালিস এই টেস্টে প্রথম ইনিংসেও ১৬১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। দুই ইনিংস মিলিয়ে ক্যালিস মোট ৮৩৯ মিনিট ক্রিজে ছিলেন, বল খেলেছেন ৫৩১টি। দুই ইনিংসে তাঁর মোট সংগ্রহ ২৭০। এর মধ্যে চারের মার রয়েছে ৩৮টি এবং ছক্কা নয়টি। ধ্রুপদী টেস্ট ব্যাটিংয়ের চমত্কার এক উদাহরণ হতে পারে ক্যালিসের এই ইনিংসটি।কন্ডিশন বিবেচনায় ২২০-২২৫ রানের লিডই ভারতকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ক্যালিস, বাউচার, স্টেইন ও মরকেল চতুর্থ দিনের শেষ দুটি সেশনে রাজত্ব করলেন ভারতীয় বোলারদের ওপর। ক্যালিসের ১০৯ রানের পাশাপাশি বাউচারের ব্যাট থেকে বেরিয়ে এল ৫৫ রান। বাউচারের বিদায়ের পর অভিজ্ঞ ক্যালিসকে যোগ্য সঙ্গ দেন স্টেইন ও মরকেল। স্টেইন ৩২ ও মরকেল ২৮ রান করে ভারতের সিরিজ জয়ের স্বপ্ন ফিকে করে দিয়েছেন অনেকটাই।শেষ দিনে নিউল্যান্ডস টেস্ট জয়ের জন্য ভারতের যে লক্ষ্যমাত্রা তা অতিক্রম করা অনেকটাই কঠিন হয়ে গেছে। একদিনে অলৌকিক কিছু না ঘটলে এই টেস্ট ভারত যে জিতবে না, তা একপ্রকার নিশ্চিতই। উপরন্তু পরাজয়েরও একটা সূক্ষ্ম আশঙ্কা থেকে যাচ্ছে। সব মিলিয়ে নিউল্যান্ডসের শেষ দিনটা কঠিনই মনে হচ্ছে ভারতের জন্য। ওয়েবসাইট।