প্রোটিয়া-বধের কৌশল জানেন সাকিব!
খেলার আগে গেম প্ল্যান বলে দেওয়া ঠিক নয়। তবে বাংলাদেশ অধিনায়ক কাল সেটা ফাঁসই করে দিলেন একরকম! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বাংলাদেশের ম্যাচ পরিকল্পনা জানলে গ্রায়েম স্মিথও ধাক্কা খাবেন নিশ্চিত।না, চমকে ওঠার মতো কিছু নয়। ম্যাচ জিততে সাকিব আল হাসান যে সমীকরণটা দেখালেন, সেটা ক্রিকেট বোঝা কোনো সাত বছরের বালকও জানে। আগে ব্যাট করলে ভালো একটা স্কোর করতে হবে, যেন দক্ষিণ আফ্রিকানরা সেটা টপকে যেতে না পারে। আগে বল করলে দক্ষিণ আফ্রিকানদের অল্প রানে বেঁধে ফেলতে হবে, যেন বাংলাদেশ সেটা সহজেই টপকে যেতে পারে। কপালে চিন্তার বলিরেখা ফুটিয়ে সাকিব সংবাদ সম্মেলনে আরও বোঝাতে চাইলেন, দক্ষিণ আফ্রিকা ১৫০, ২০০, ২৫০ যা-ই করুক, জিততে হলে বাংলাদেশকে তার বেশি করতে হবে। আর যদি বাংলাদেশ ২৫০, ২০০ এমনকি ১৫০-ও করে বসে, দক্ষিণ আফ্রিকাকে সেই রানের আগে আটকাতে হবে।যেন সূর্য উঠলে দিন হয় আর চাঁদ উঠলে রাত হওয়ার খবর জানালেন সাকিব! ক্রিকেট কি আর এত সরল পথে হাঁটে? তাহলে তো দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়ে বড় দল আর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়ে ছোট দল—এই পার্থক্যেই নিষ্পত্তি হয়ে যেত ম্যাচের! ক্রিকেট কখনো কখনো বড় দল-ছোট দলের ব্যবধান কমিয়ে আনারও খেলা। স্মিথ-ক্যালিসদের রুখতে হলে আজ বাংলাদেশকে সেই খেলাটাই খেলতে হবে। সাকিবও সেটা জানেন, ‘দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল। বিশ্বকাপ জিততে চায় তারা। তাদের স্পিনাররা ভালো বল করছে, উইকেট পাচ্ছে। তবে স্পিন এবং ফাস্ট বোলার সবাইকেই আমাদের সমীহ করতে হবে।’বিশ্বকাপটা উত্থান আর পতনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের। তবে নিশ্চিত থাকুন, সাকিব আল হাসান এই বিশ্বকাপে ‘দ্য প্যাট্রিয়ট’ হচ্ছেন না। যদিও ২০১১ বিশ্বকাপ আর যা-ই হোক খলনায়ক বানাচ্ছে না বাংলাদেশের অধিনায়ককে। ৫৮ রানের লজ্জা যেমন আছে, আছে ইংল্যান্ডকে হারিয়ে বিপুল বিক্রমে ফিরে আসার দাপটও। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে কোয়ার্টার ফাইনালে চোখ রাখতে পারছে যে দল, সে দলের অধিনায়ককে ব্যর্থ বলা কী করে? সাকিব তো বরং উল্টো বলছেন, ‘পুরো টুর্নামেন্টেই আমরা ভালো খেলেছি। অনেকে বলছে আমরা নাকি ভালো ব্যাটিং করিনি। আমি বলব, আমরাই বরং বেশি রান করেছি, কারণ আমরা তিনটা ম্যাচ জিতেছি। কোয়ার্টার ফাইনালে যাওয়ারও ভালো সুযোগ আছে আমাদের।’সংবাদ সম্মেলনে একজন হতাশা প্রকাশ করলেন। বিশ্বকাপে আয়ারল্যান্ডের খেলোয়াড়েরা সেঞ্চুরি করছে, অথচ বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই। সাকিব ব্যর্থতা মানছেন না এখানেও, ‘বাংলাদেশের উইকেটে বীরেন্দর শেবাগ আর বিরাট কোহলিই কেবল সেঞ্চুরি করেছে। এখানকার উইকেট একটু ভিন্ন ধরনের। তার পরও প্রথম ম্যাচে আমরা এই উইকেটেই ২৮৩ রান করেছি।্রএখানে ব্যাটিং করা কঠিন।’ আজকের ম্যাচের উইকেট সম্পর্কেও একই ধারণা সাকিবের—এই উইকেটে শট খেলতে সমস্যা হবে। ব্যাট করা সহজ হবে না।টস, উইকেটের ব্যাপারগুলো সাকিব এড়িয়েই যেতে চান সব সময়। তার পরও সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে কিছু না বলে উপায় থাকে না। কিন্তু বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা যদি সামর্থ্যের সবটুকু নিয়ে হাজির হয়, উইকেট কি আর কোনো ব্যাপার হবে তখন? সাকিবও তাই মনে করিয়ে দিলেন, ‘উইকেট কেমন হলে ভালো হবে বলা মুশকিল। দক্ষিণ আফ্রিকার ভালো স্পিনার, ভালো ফাস্ট বোলার আছে। ভালো ব্যাটিং দলও ওরা। সব মিলিয়ে চিন্তা করলে ওরা আমাদের চেয়ে ভালো দল, এতে কোনো সন্দেহ নেই।’সন্দেহ কেউ করছেও না। তার পরও মানুষ স্বপ্ন দেখছে, কারণ একটা একটা করে বাধা পেরিয়ে আশার বেলুনটা ফুলিয়ে দিয়েছেন সাকিবরাই। খেলায় হারলে জেতারও প্রত্যয় গড়ে ওঠে। ৫৮ রানে অলআউট হওয়া দল তাহলে ধ্বংস্তূপ থেকে উঠে দাঁড়াতে পারবে না কেন? ইংল্যান্ড-হল্যান্ডকে হারানো পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ, ১৬ কোটি মানুষ আজ খেলা দেখতে বসবে এই স্বপ্ন নিয়েই।বিশ্বকাপ কখনো কখনো ক্রিকেটপ্রেমী মানুষকে ক্রিকেট-উন্মাদ বানিয়ে দিচ্ছে। দল জিতুক বা হারুক, প্রতিক্রিয়াটা কখনোই সহনীয় পর্যায়ে থাকছে না। অবস্থা এমন, বাংলাদেশের সব খেলা বোধ হয় টাই হলেই ভালো। সেটা যখন সম্ভব নয়, সাকিব তাঁর ভাষায় আগেই জানিয়ে দিলেন আজকের ম্যাচের ফলাফল, ‘খেলাটা এক দিনেরই। ৫০ ওভার করে খেলবে দুই দল। যারা ভালো খেলবে তারাই জিতবে।’