প্রোটিয়াদের দিকে ওয়ার্নারের তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রোটিয়াদের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ ডেভিড ওয়ার্নারের ফাইল ছবি
প্রোটিয়াদের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ ডেভিড ওয়ার্নারের ফাইল ছবি

আবারও ক্রিকেট দুনিয়া উত্তাল বল ঘষা-মাজার অভিযোগে। এবারের অভিযোগকারী অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার। যাঁদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁরা হচ্ছেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন ও উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্স। পোর্ট এলিজাবেথ টেস্টে অস্ট্রেলিয়ার সাজানো বাগান ছত্রখান করে দেওয়া স্টেইনের খুনে বোলিংয়ের পর ওয়ার্নারের এই অভিযোগে ঝড় উঠেছে বিতর্কের। অস্ট্রেলীয় ওপেনারের অভিযোগ, তাঁদের শেষ ৯ উইকেট মাত্র ৯০ রানে পড়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, যেখানে নিজেদের পিটার সিডল, মিচেল জনসন আর রায়ান হ্যারিস রিভার্স সুইং করাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, সেখানে ডেল স্টেইন তাঁর রিভার্স সুইংয়ে পটাপট ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেট। ৫৫ রানে ৪ উইকেট নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ওই স্টেইনই।
ওয়ার্নার বলেছেন, রিভার্স সুইংয়ের জন্য বল ঘষার এ অপরাধটি মূলত করেছেন উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সই তাঁর গ্লাভসের অমসৃণ অংশ দিয়ে বারবার বল ঘষেছেন। অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা নাকি মাঠেও আম্পায়ারের কাছে এই অভিযোগ তুলেছিলেন। কিন্তু আম্পায়ার তাতে কর্ণপাত করেননি বলেই অভিযোগ ওয়ার্নারের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য বল টেম্পারিংয়ের অভিযোগ একেবারে নতুন কিছু নয়। গত অক্টোবরে দুবাই টেস্টে পাকিস্তানের বিপক্ষে ফ্যাফ ডু প্লেসিস ট্রাউজারের পকেটের জিপার দিয়ে বল ঘষেছিলেন বলে অভিযোগ উঠেছিল। ব্যাপারটি প্রমাণিত হওয়ার পর অবশ্য খুব বড় শাস্তির মুখোমুখি হতে হয়নি প্রোটিয়াদের। আম্পায়াররা বল পাল্টে দিয়েছিলেন আর দক্ষিণ আফ্রিকার পাঁচ রান কেটে নেওয়া হয়েছিল। ওয়েবসাইট।