প্রোটিয়াদের ভড়কে দিয়েছিলেন শেহজাদ

আগের ম্যাচে ২২৯ রান করেও হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। সেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই আরেকটি দুই শ রানের ইনিংস গড়ল তারা। সহযোগী সদস্যদেশগুলোর মধ্যে যতই দাপট দেখাক আফগানিস্তান, এই রানের নিচে ওরা হয়তো চাপাই পড়তে যাচ্ছে—আফগানদের ইনিংস শুরু হওয়ার আগে এটাই ছিল স্বাভাবিক ধারণা। প্রোটিয়াদেরও কি সেটাই নয়!
তবে আফগানরা যেভাবে জবাব দিতে শুরু করেছিল তাতে আরও একটি ট্র্যাজেডির শিকার হওয়ার আশঙ্কাই চেপে বসেছিল ফাফ ডু প্লেসির দলকে। ৩.৪ ওভারেই ৫০ রান তুলে ফেলেছিল আফগানিস্তান। ভাগ্যিস, সময়মতো উইকেট ফেলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাই ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়া গেছে, এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম।
দক্ষিণ আফ্রিকার ২০৯ রানের জবাবে আফগানিস্তানের ইনিংস থেমেছে ১৭২ রানে। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ যতক্ষণ উইকেটে ছিলেন, জয়টাকে নাগালের মধ্যেই দেখছিল তারা। কিন্তু শেহজাদের ১৯ বলে ৪৪ রানের ঝড়টা থেমে যাওয়ায় ‘ক্যামিও’ ইনিংসটি থেমে গেলে স্বপ্নটাকে আর সত্যি করতে পারেনি আফগানিস্তান। নূর আলী জাদরান (২৫), গুলবদিন নাইব (২৬) ও সামিউল্লাহ শেনোয়ারির (২৬) ব্যাট ম্যাচটাকে সামান্য প্রতিদ্বন্দ্বিতার ছোঁয়াই শুধু দিয়েছে।
দক্ষিণ আফ্রিকা দলের সেরা বোলার ছিলেন ক্রিস মরিস। ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে আফগানদের সম্ভাবনার মৃত্যু ঘটিয়েছেন তিনিই। পাশাপাশি কাইল অ্যাবট আর ইমরান তাহির সময়মতো ২টি করে উইকেট তুলে নিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাগিসো রাবাদাও নিয়েছেন ২ উইকেট।
টসে জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুতেই হাশিম আমলার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল। তবে কুইন্টন ডি কক ৩১ বলে ৪৫ আর ফাফ ডু প্লেসি ২৭ বলে ৪১ রান করে বড় রানের ভিত গড়ে দেন। এবি ডি ভিলিয়ার্স সেই ভিতের ওপর দাঁড়িয়েই ২৮ বলে ৬৪ রান করেন। শেষের দিকে জেপি ডুমিনি ২০ বলে ২৯ আর ডেভিড মিলার ৮ বলে ১৯ রান করে দলকে নিয়ে যান ২০৯ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের টানা দ্বিতীয় দুই শ রানের ইনিংস এটি।