মঞ্চটা আরও একবার প্রস্তুত ছিল। প্রথম ইনিংসে নেমেছিলেন, পাকিস্তান যখন ২১ রানে দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো কাঁপছে। কাল দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার ফিরল ৭ রানে, প্রথম ২ ওভারেই! প্রথম ইনিংসে তাঁর ১১১ রানের লড়াকু ইনিংস, আসাদ শফিকের সঙ্গে ২১৯ রানের জুটি বাঁচিয়ে দিয়েছিল গর্তে পড়া পাকিস্তানকে। কাল তৃতীয় দিনে ইউনুস খান আউট হলেন ১৪ রান করে। দিন শেষে ইউনুস-শফিকের ভূমিকায় আজহার আলী ও মিসবাহ-উল-হক। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানকে টেনে নিয়ে যাচ্ছেন এই জুটি। প্রথম ইনিংসে পাওয়া ১২ রানের লিডটাকে ১১২ রানে নিয়ে গেছেন এই দুজন। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের রান ৩ উইকেটে ১০০।পাকিস্তানের ১২ রানের লিডটার আকার অবশ্য আরও অনেক বড় হওয়ার কথা ছিল। মোহাম্মদ ইরফানের প্রথম টেস্ট উইকেটের শিকার হয়ে শেষ স্বীকৃত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স যখন ফিরলেন, দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের চেয়ে ১২৮ রানে পিছিয়ে। হাতে মাত্র ৩ উইকেট। সেই শেষ ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকা যোগ করল ১১৬ রান! টেলএন্ডাররা সবাই সাধ্যমতো অবদান রেখে পাকিস্তানের লিডের আকারটা বড় হতে দেননি। তবে সবচেয়ে বড় অবদানটি রেখেছেন রবিন পিটারসন।মূলত বোলার হলেও তাঁর ফার্স্ট ক্লাস ব্যাটিং রেকর্ড কিন্তু বেশ ভালো। পঁচিশের কাছাকাছি গড়। ৬টি সেঞ্চুরির পাশাপাশি ১৬টি ফিফটিও আছে। তবে কাল এই বাঁহাতি যে ইনিংসটা খেললেন, সেটা পিটারসনের কাছে করা প্রত্যাশাকেও হার মানিয়ে গেল। আগের দিনের সঙ্গে আর ১২ রান যোগ করেই দিনের দশম ওভারে ডিন এলগার ফিরে আসার পর উইকেটে নেমেছিলেন। ১৬৪ রানে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তখন রীতিমতো বিপদে। সেখান থেকে যাঁকেই পেলেন, ক্রিকেটীয় নিদান মেনে জুটি গড়ে গেলেন। ডি ভিলিয়ার্সের সঙ্গে ৪৬ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংস-সর্বোচ্চ ৬৭ রানের জুটিটাই হলো ফিল্যান্ডারের সঙ্গে অষ্টম উইকেটে। অন্য প্রান্তের সঙ্গীকে আগলে রেখে খেলতে গিয়েই শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন প্রাপ্য সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে। ওয়েবসাইট।