প্রোটিয়াদের সামনে সুবর্ণ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩-০! এই ব্যবধানটাই গতকাল ভোর রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে নিশ্চিত করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। তাহলেই বাজিমাত—আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। নিশ্চিত হয়ে যাবে ১ এপ্রিল এক নম্বরে থাকাটাও। যে দিনটিতে টেস্টের দলগত র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকতে পারলেই টেস্ট শ্রেষ্ঠত্বের পুরস্কার সোনালি গদার পাশাপাশি মিলবে পৌনে দুই লাখ মার্কিন ডলারও!এর আগেও টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ২০০৯ সালের আগস্ট থেকে টানা চার মাস ছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। কিন্তু আইসিসির বেঁধে দেওয়া ওই নির্ধারক সময়টাতে কখনো এক নম্বরে থাকা হয়নি। সুযোগটা যখন হাতের নাগালে, নিশ্চয়ই সেটি হাতছাড়া করতে চাইবেন না স্মিথ-ক্যালিসরা।ফর্ম ও ইতিহাস দুটিই তাঁদের অনুকূলে। ধারাবাহিক ভালো খেলা দক্ষিণ আফ্রিকা চলতি নিউজিল্যান্ড সফরেও দেখিয়েছে তাদের ‘অজেয়’ রূপটি। তিন ওয়ানডের সিরিজে ধবলধোলাই করেছে স্বাগতিকদের। ওয়ানডের সেই ফর্মটাকে টেস্টে রূপান্তর করতে পারলেই এক ঢিলে দুই পাখি মারবে গ্রায়েম স্মিথের দল। সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে তারা দ্বিতীয় স্থানে, তবে শীর্ষে থাকা ইংল্যান্ডের চেয়ে রেটিং পয়েন্ট মাত্র ১ কম। এই ‘সামান্য’ ব্যবধান ঘুচিয়ে এগিয়ে যেতেও অবশ্য টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করতে হবে।দুই দলের লড়াইয়ের অতীত রেকর্ডও উৎসাহিতই করছে দক্ষিণ আফ্রিকাকে। ৩৫ টেস্টের মাত্র চারটিতেই জিতেছে নিউজিল্যান্ড, ২০টিতে দক্ষিণ আফ্রিকা। আর নিজেদের দেশে ১৪ টেস্টে নিউজিল্যান্ডের জয় মাত্র একটিতে। একমাত্র সেই জয়টিও আট বছর আগে, ২০০৪ সালে অকল্যান্ডে। নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রায় সব ব্যাটসম্যানেরই রেকর্ড ভালো। হাশিম আমলা, জ্যাক ক্যালিস ও জ্যাক রুডলফের ব্যাটিং গড় ১০৪.৮০, ৬৭.৮০ ও ৮৪.০০!ফলাফল যা-ই হোক না কেন, ডানেডিন টেস্ট শুরুর আগেই ক্রুগার ফন উইকের কাছে এটি স্মরণীয় হয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে। ৩২ বছর বয়সী উইকেটকিপারের টেস্ট অভিষেক হচ্ছে যে দেশের বিপক্ষে, তাঁর জন্মও সেই দক্ষিণ আফ্রিকায়। ব্রুস ওয়াটলিংয়ের চোট সুযোগ করে দিয়েছে ফন উইককে। ১৯৮৮ সালে ক্রিস কুগলায়েনের পর নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হতে যাচ্ছে তাঁর। ক্রিকইনফো।