সকাল থেকেই ধারাভাষ্যকার শন পোলকের কণ্ঠে রোমাঞ্চ। ডারবানের কিংসমিড স্টেডিয়ামের উইকেট দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ককে নব্বই দশকের কথা মনে করিয়ে দিচ্ছিল। বাংলাদেশ দলের পেসার খালেদ আহমেদ গতি ও বাউন্স দেখে বারবার বলছিলেন, ‘উইকেট প্রথম দিনের তুলনায় গতিময় মনে হচ্ছে। ঠিক পুরোনো দিনের কিংসমিডের মতো।’
বাংলাদেশ ইনিংসের সময় খেলার ছবিটা পাল্টে গেল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৪৯ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। যার মধ্যে মাত্র ৯ ওভার বল করেছেন স্বাগতিক পেসাররা। বাকি সময়টা স্পিন ব্যবহার করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। বাংলাদেশের ৪টি উইকেটও গিয়েছে প্রোটিয়া স্পিনারদের পকেটে। কে জানত, টেস্টের দ্বিতীয় দিন শেষে ‘স্পিন’ হবে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ!
ম্যাচ শেষে অনলাইন সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজের কপালেও চিন্তার ভাঁজ। টেস্ট সিরিজের আগে নিশ্চয়ই প্রোটিয়া স্পিনে চার টপ অর্ডার ব্যাটসম্যান হারানোর কথা ভাবেনি বাংলাদেশ দল। মিরাজও বলছিলেন, ‘স্পিনারদের বলে আউট হলেও কয়েকটা বেশ ভালো বলে আউট হয়েছে। স্পিনাররাও যথেষ্ট সাহায্য পেয়েছে। ওরা ভালো জায়গায় বোলিং করেছে। টার্ন করেছে, বল নিচু হয়েছে। চ্যালেঞ্জটা নিতে পারলে আরও ভালো হতো। উইকেট দ্রুত পড়ে যাওয়া দলের জন্য খারাপ। তবে কাল একটা সুযোগ আছে, জয় (মাহমুদুল) তো ভালো ব্যাটিং করছে।’
৯৮ রানে ৪ উইকেট নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। অথচ ৩৬৭ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার পর ম্যাচের নিয়ন্ত্রণটা বাংলাদেশের হাতেই ছিল। দরকার ছিল বড় ক্ষতি এড়িয়ে দিন শেষ করা। কিন্তু দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ২৬৯ রান, হাতে আছে ৬ উইকেট।
মিরাজ অবশ্য আশার কথাই শোনালেন, ‘এখনো অনেক বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে, তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছেন, রাব্বি আছে, আমি আছি। যত দূর পারি, চেষ্টা করব। যত দূরে যাব, তত ভালো হবে। ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যত দূরে যেতে পারি, সেটাই ভালো হবে।’
তৃতীয় দিনের প্রথম সেশনের গুরুত্বের কথাটা আলাদা করেই বললেন মিরাজ, ‘এখনো অনেক দূরের চিন্তা। চেষ্টা করব প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ, ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের।’
সতীর্থ খালেদ আহমেদের বোলিংয়ের প্রশংসাও শোনা গেল মিরাজের কথায়। ৯২ রানে ৪ উইকেট নিয়ে খালেদই ছিলেন বাংলাদেশ দলের সেরা বোলার। ‘খালেদ খুব ভালো বোলিং করেছে। কিন্তু খালেদ যে বোলিংটা করেছে, লাইন লেংথ গুরুত্বপূর্ণ ছিল। ও পাঁচ উইকেট পেতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত পায়নি। কিন্তু ও খুব ভালো জায়গায় বোলিং করে, ভালো সাপোর্ট করেছে। বিশেষ করে ফিল্ডাররাও ওকে ভালো সাপোর্ট করেছে, দুটো ভালো ক্যাচ ধরেছে গালিতে জয়’, বলেছেন মিরাজ।