প্রোটিয়াদের হারিয়ে দিল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাগ্য সঙ্গ দেয় তো কতজনকেই। ভাগ্যের সঙ্গে নিজের সামর্থ্যকে মিলিয়ে লড়াইয়ে জয়ী হতে পারে না সবাই। কাল পারলেন জিয়াউর রহমান। ভাগ্যকে পাশে নিয়ে দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জেতালেন এই টুর্নামেন্ট দিয়েই দলে ফেরা অলরাউন্ডার। সহজ ম্যাচ একটু কঠিন করে জিতল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে টিকে থাকল মুশফিকদের ফাইনাল খেলার আশা।বাংলাদেশ দল ও গোটা বাংলাদেশ আজ জিম্বাবুয়ের সমর্থক। গত ম্যাচের মতো আজও জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই ফাইনালে স্বাগতিকদের সঙ্গী হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা জিতলেও অবশ্য সম্ভাবনা আছে। তবে রানরেটের অবস্থা বাংলাদেশের এতই খারাপ যে বাস্তব সম্ভাবনা কম। কালকের জয়ের পরও বাংলাদেশের রানরেট -০.২৮০, হারের পরও দক্ষিণ আফ্রিকার +০.০৯৪। জিম্বাবুয়ের রানরেট সেখানে +০.২৭৯। রানরেটের মারপ্যাঁচে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা তাই কমই। আজ তাই বাংলাদেশের প্রার্থনা জিম্বাবুয়ের জয়ের।অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা মাহমুদউল্লাহ, রাজ্জাক-সানিরা দারুণ বোলিং করেছেন। আশরাফুল শুরুতে খেলেছেন গুরুত্বপূর্ণ এক ইনিংস। তবে অবস্থা যা দাঁড়িয়েছিল, তাতে জিয়াউর উইকেটে না থাকলে শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারত কি না সংশয় থাকত! ৮ রানে পিটারসনের বলে তাঁর ক্যাচ ছেড়েছেন বেহারডিয়েন। ১১ রানে পারনেলের বলে বাজে এক শটে বোল্ড হয়ে বেরিয়েও যাচ্ছিলেন। আম্পায়ার ফেরালেন, তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে বললেন বলটি ছিল ‘নো’। জিয়াউরের সেই নতুন জীবনই টুর্নামেন্টে জিইয়ে রাখল বাংলাদেশকে। ৩ ওভারে যখন প্রয়োজন ১৯, ক্রিস মরিসের টানা দুই বলে ৪ মেরে চাপগুলো এক হলকায় যেন সরিয়ে দিলেন জিয়াউর। শেষ ২ ওভারে প্রয়োজন মাত্র ৬। ১৯তম ওভারের প্রথম বলেই ডি ল্যাঙ্গের বলে আউট দারুণ খেলতে থাকা মাহমুদউল্লাহ। ওই ওভার থেকে এল মাত্র ৩। শেষ ওভারেও চাই ৩, কিন্তু মরিসের প্রথম ৪ বলে এল মাত্র ১ রান, উল্টো ফুলটসে দৃষ্টিকটু আউট হলেন ফরহাদ রেজা। ২ বলে ২, একটু যেন শঙ্কা ঘিরে ধরেছিল বাংলাদেশকে। পয়েন্ট দিয়ে ৪ মেরে শঙ্কাও ছিটকে ফেলেন জিয়াউর। ম্যাচ শেষে মুশফিকুর রহিম হাসতে হাসতে বললেন, ‘শেষের দিকে নার্ভাস হয়ে গিয়েছিলাম!’১৩০ রান তাড়া করতে নেমে ২৩ রানে মধ্যে বাংলাদেশ হারায় জুনায়েদ ও আনামুলকে। তবে বাংলাদেশকে পথেই রেখেছিলেন আশরাফুল। খেলেছেন দারুণ কিছু শট। মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েন ৪১ রানের ছোট্ট কিন্তু কার্যকর জুটি। পারনেলের এক ওভারে মুশফিক-নাসির ফিরে যাওয়ার পরও দলকে এগিয়ে নিচ্ছিলেন আশরাফুল। কিন্তু আরও একবার ব্যর্থ বড় ইনিংস খেলতে। দলীয় ৮৪ রানে আশরাফুলের বিদায় আবার চাপে ফেলে দেয় বাংলাদেশকে। সেখান থেকেই উদ্ধার মাহমুদউল্লাহ-জিয়াউরের ব্যাটে।জয়ের ভিতটা প্রথম ইনিংসে গড়ে দিয়েছিলেন বোলাররাই। লেভি-ডুমিনিবিহীন দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকেই চেপে ধরেন বোলাররা। মন্থর উইকেটে দারুণ বোলিং করেছেন স্পিনাররা। বলার মতো একটা জুটিই হয়েছে দক্ষিণ আফ্রিকা ইনিংসে, চতুর্থ উইকেটে অনটং-বেহারডিয়েনের ৫৬। মুশফিক জয়ের মূল কৃতিত্বও দিলেন বোলারদের। আর জানালেন, তাকিয়ে থাকবেন আজকের ম্যাচের দিকে। প্রত্যাশা যেকোনোভাবে জিম্বাবুয়ের জয় কিংবা দক্ষিণ আফ্রিকার বিশাল জয়। বৃষ্টিতে ম্যাচটা ভেসে গেলেও মন্দ হয় না। কোনো রিজার্ভ ডে নেই, ফাইনাল তো কালই!