প্রয়াত আলেক্সান্ডারকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরি আলেক্সান্ডারের মৃত্যু ছুঁয়ে গেছে ক্রিকেট-বিশ্বকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি), তাঁর খেলোয়াড়ি জীবনের সতীর্থ-প্রতিপক্ষ থেকে শুরু করে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের প্রতি। সবার কণ্ঠেই প্রায় একই কথা, ‘ক্রিকেটার হিসেবে গেরি ছিলেন দারুণ। কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিলেন ক্রিকেট ব্যক্তিত্ব ও একজন নিখাদ ভালো মানুষ।’গত ১৬ এপ্রিল জন্মভূমি জ্যামাইকাতে ৮২ বছর বয়সে মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ শ্বেতাঙ্গ অধিনায়ক ফ্রাঞ্জ কোপল্যান্ড মারে ‘গেরি’ আলেক্সান্ডার। ১৯৫৭ থেকে ১৯৬১ পর্যন্ত ২৫টি টেস্ট খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান, যার ১৮টিতেই ছিলেন অধিনায়ক। ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ১৯৬০-৬১ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে। যে সিরিজ দেখেছিল বিখ্যাত টাই টেস্ট। ৫ ম্যাচের সিরিজের প্রতিটিতেই ফিফটি ছিল আলেক্সান্ডারের, সিডনিতে তৃতীয় টেস্টে করেছিলেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। ওই সিরিজে তাঁর ৪৮৪ রান সে সময় ছিল এক সিরিজে কোনো উইকেটকিপার ব্যাটসম্যানের সর্বোচ্চ। শুধু ক্রিকেটারই নন, আলেক্সান্ডার ছিলেন একজন সব্যসাচী ক্রীড়াবিদ। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফুটবল ব্লু ছিলেন। ইংল্যান্ড অ্যামেচার ফুটবল দলের হয়ে খেলেছিলেন, অ্যামেচার এফএ কাপের শিরোপাও জিতেছিলেন। পেশায় ছিলেন ভেটেরিনারি সার্জন।তবে মৃত্যুর পর সবকিছুর আগে সবার মনে পড়ছে ‘ভালো মানুষ’ আলেক্সান্ডারের কথা। ‘টাই’ সিরিজে খেলা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যালান ডেভিডসন বলছেন, ‘উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ও ছিল দারুণ। তার চেয়েও বেশি একজন ভালো বন্ধু। ওই সিরিজে ওর মাঝেই আমি একজন সত্যিকার বন্ধুকে খুঁজে পেয়েছিলাম। ওকে ভীষণ শ্রদ্ধা করতাম আমরা।’ আরেক অস্ট্রেলীয় গ্রেট নিল হার্ভের মতে, ‘গেরি ছিল উইকেটকিপার ব্যাটসম্যানদের অগ্রদূতদের একজন। অসাধারণ একজন ক্রিকেটার আর এমন একজন মানুষ যাকে পছন্দ না করে উপায় থাকত না।’ গেরির সতীর্থ জো সলোমনের কণ্ঠেও একই কথা, ‘খুব ভালো একজন বন্ধু ছিল ও, এমন একজন মানুষ যার সঙ্গে সময় কাটাতে কখনোই খারাপ লাগবে না।’ ক্রিকইনফোতে রিচি বেনো লিখেছেন, ‘গেরি ছিল একজন জেন্টলম্যান।’ ডব্লুআইসিবি প্রধান ড. জুলিয়ান হান্টের বেশি মনে পড়ছে, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য গেরির আবেগ আর নিখাদ ভালোবাসা।’ ওয়েবসাইট।