প্রয়াত দাদার জন্য বিশ্বকাপ চান ফ্যাবিয়ানো
একজন ফুটবলারের জীবনের সর্বোচ্চ অর্জন হচ্ছে বিশ্বকাপ বিজয়ী দলে খেলা। বিশ্বকাপ জিতে এই শিরোপাটির আনন্দ নানাভাবে উদ্যাপন করতে চান খেলোয়াড়েরা। অনেক খেলোয়াড়ই বিশ্বকাপ শিরোপা জয়ের পর স্মরণ করেন অতীতকে, অতীতের প্রেরণাগুলোকে। ব্রাজিলের তারকা লুইস ফ্যাবিয়ানো জানিয়েছেন, বিশ্বকাপ জিতলে তিনি সেই সম্মান উত্সর্গ করবেন তাঁর প্রয়াত দাদাকে। কারণ ফ্যাবিয়ানোর ফুটবলার হিসেবে বেড়ে ওঠার পেছনে তাঁর দাদার ছিল অসামান্য অবদান। ফ্যাবিয়ানোর দাদা স্বপ্ন দেখতেন, তাঁর নাতি ব্রাজিলের বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য। কোজ কার্লোস দুঙ্গার অন্যতম পছন্দের খেলোয়াড় ফ্যাবিয়ানো। ব্রাজিলের বিশ্বকাপ দলের অন্যতম আক্রমণ স্তম্ভ ফ্যাবিয়ানোর সবচেয়ে বড় শক্তি তাঁর দুর্দান্ত ফিনিশিং। আক্রমণের সময় প্রতিপক্ষের রক্ষণভাগে বাঘের ক্ষীপ্রতায় ঢুকে পড়েন তিনি। তবে এই ক্ষীপ্র গতিসম্পন্ন খেলোয়াড়ের জীবনের সবচেয়ে দুর্বলতম জায়গাটি হলো তাঁর দাদা বেনিদিতো। ছোটবেলা থেকেই তিনি ফ্যাবিয়ানোকে শিখিয়েছিলেন, ‘তোমাকে ব্রাজিলের বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য হতে হবে।’ ফুটবলার হয়ে ওঠার পেছনে দাদা বেনিদিতোর অবদানকেই সবচেয়ে বড় করে দেখেন লুইস ফ্যাবিয়ানো। কিন্তু সেই প্রেরণাদায়ী দাদা বেনিদিতোকে ছাড়া বিশ্বকাপ খেলতে যাবেন—এ কথা ভাবতেই দারুণ কষ্ট হয় ফ্যাবিয়ানোর। ব্রাজিলের এই স্ট্রাইকার ফক্স স্পোর্টসকে বলেন, ‘আমার দুর্ভাগ্য যে দাদা আজ নেই। কিন্তু তাকে সম্মান জানানোর জন্য বিশ্বকাপ জয় করতে চাই আমি। ব্রাজিল বিশ্বকাপ জয় করলে আমি তা দাদাকে উত্সর্গ করব।’ দাদার স্মৃতিচারণ করতে গিয়ে ফ্যাবিয়ানো বলেন, ‘ছোটবেলায় আমার কৃতিত্বের খবর সংবাদপত্র থেকে কেটে পকেটে নিয়ে ঘুরে বেড়াতেন দাদা। সবাইকে আমার ভালো করার খবর জানিয়ে মুখটা আনন্দে ভেসে উঠত তাঁর। আমার সব প্রাপ্তি কেবল দাদার ভালোবাসা আর প্রেরণার কারণে সম্ভব হয়েছে। তিনিই আমার আদর্শ।’গত বছরের কনফেডারেশন কাপে সর্বোচ্চ পাঁচ গোল করে তিনি ব্রাজিলের সাফল্যে রেখেছিলেন অবদান। এবারের বিশ্বকাপেও গোল করে নিজের স্বপ্ন পূরণ করতে চান তিনি। ফ্যাবিয়ানো বলছেন, ‘ব্রাজিলকে বিশ্বকাপ জয়ে সহায়তা করতে চাই আমি। যত বেশি সম্ভব গোল করার চেষ্টা করব আমি।’