প্লাতিনি-বেকেনবাওয়ারের পর রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন রোনালদো নাজারিও ডি লিমা। ব্রাজিলের সংবাদমাধ্যম এটি জানিয়েছে আগেই। সবাই এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি রিকার্ডো টিসেরার জায়গায় রোনালদো ২০১৪ বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান হতে পারেন বলে একটা গুঞ্জন ছিল। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় টিসেরা নাকি নিজেই ওই পদটি নেওয়ার জন্য বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এ ব্যাপারে রোনালদো প্রকাশ করেন তাঁর অজ্ঞতা। গত জুনে ফুটবল থেকে অবসর নেওয়া রোনালদো আয়োজক কমিটির প্রধান হলে দুই কিংবদন্তি ফ্রান্সের মিশেল প্লাতিনি এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের কাতারে এসে দাঁড়াবেন। ১৯৯৮ এবং ২০০৬ বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ছিলেন তাঁরা। এএফপি।