প্লাতিনির আশা নেই
তাঁর নেতৃত্বেই ফ্রান্স প্রথম জিতেছিল বড় কোনো শিরোপা। ১৯৮৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ক্লাব ফুটবলেও বর্ণাঢ্য এক ক্যারিয়ার ছিল তাঁর। কিন্তু বিশ্বকাপ মিশেল প্লাতিনির জন্য বড় আক্ষেপের নাম। ১৯৮৬ বিশ্বকাপে তৃতীয় হওয়াই তাঁর জন্য সান্ত্বনার। ‘কখনোই বিশ্বকাপ না জেতা সর্বকালের সেরা কিংবদন্তি’র তালিকাতেই তাই আশ্রয় খুঁজতে হয় তাঁকে।প্লাতিনি না পারলেও তাঁর উত্তরসূরিরা ১৯৯৮ বিশ্বকাপে ঠিকই জিতেছিল শিরোপা। গতবারও একদম দুয়ার থেকে খালি হাতে ফিরতে হলো জিনেদিন জিদানের মুহূর্তের একটা ভুলে চূড়ান্ত সর্বনাশ হওয়ার আক্ষেপ নিয়ে। প্লাতিনি বলছেন, ফ্রান্সের পক্ষে যা করা সম্ভব ছিল সেটা তারা করেই ফেলেছে। এবার তো বটেই, নিকট ভবিষ্যতে ফ্রান্সের আর শিরোপা জেতার কোনো সম্ভাবনা তিনি দেখেন না। কারণ ফ্রান্স যে হারিয়ে ফেলেছে তার সোনালি প্রজন্মকেই।‘আমি ওদের জেতার কোনো সম্ভাবনা দেখি না। বড়জোর দ্বিতীয় রাউন্ডে যাবে, এ-ই তো। ফ্রান্স এখন আর বিশ্বের সেরা দল নয়। সেরা তিনের মধ্যেও ওরা নেই’—সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন ৫৪ বছর বয়সী প্লাতিনি।ফ্রান্সকে কেন সেরা মনে হচ্ছে না, সেই যুক্তিও দেখিয়েছেন, ‘এই দলে বেশ কজন ভালো খেলোয়াড় আছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার বুঝতে হবে, এরা কেউই কিন্তু গ্রেট খেলোয়াড় নয়। ফ্রান্স আসলে হারিয়ে ফেলেছে তার সোনালি প্রজন্মটাকেই।’ যে সোনালি প্রজন্ম জিদানের নেতৃত্বে ১৯৯৮ বিশ্বকাপের পর জিতেছিল ২০০০-এর ইউরোপ-সেরার ট্রফিও।নিজের অভিজ্ঞতা থেকে প্লাতিনি এবারের ফেবারিট হিসেবে দুই ধাপে ছয়টি দলকে বেছে নিয়েছেন, ‘আমার চোখে প্রথম সেরা তিনটি দল হলো স্পেন, ইংল্যান্ড আর ব্রাজিল। এই দলগুলোই সেরা। সেরা সেরা সব খেলোয়াড়ও আছে তাদের। এর পর দ্বিতীয় সারিতে আমি জার্মানি, ইতালি আর আর্জেন্টিনাকে দেখি।’ফ্রান্সের এই দলটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা তিনি দেখেন কোচ রেমন্ড ডমেনেখের মধ্যেই। ইউরো ২০০৮-এর গ্রুপ পর্ব থেকেই দল ছিটকে যাওয়ার পর ‘ডমেনেখ হটাও’ আন্দোলনই শুরু হয়ে গিয়েছিল। তখন ডমেনেখকে আগলে রাখা প্লাতিনি কিন্তু এখন মনে হচ্ছে ভীষণ বিরক্ত। ‘ডমেনেখকে নিয়ে সমস্যা আছে। কোচ হিসেবে অবশ্য নয়, সমস্যাটা ব্যক্তিগত।’প্লাতিনি মুখে কিছু বলেননি, তবে এ মুহূর্তে ফ্রান্সের ফুটবলের সবচেয়ে বড় সমস্যাটা বোধহয় ভাবমূর্তি সংকট। অস্বস্তিকর এক বিতর্কে জড়িয়ে পড়েছেন দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি, করিম বেনজেমা আর সিডনি গোভু। অপ্রাপ্তবয়স্ক এক পতিতার সঙ্গে এই তিনজনের ‘সম্পর্ক’ নিয়ে ফরাসি পুলিশ তদন্ত করছে। এ ঘটনার নেতিবাচক ফলাফল কদিন আগেই রিবেরি দেখিয়ে দিয়েছেন মাঠে লাল কার্ড দেখে। ফরাসিরা নিশ্চয়ই প্রার্থনা করছে, বিশ্বকাপের এই দিনকয় আগে জমে ওঠা কালো মেঘ সরে উঁকি দেবে আশার সূর্য। এএফপি, রয়টার্স।