প্লাতিনির মনে এখনো জুভেন্টাস
মিশেল প্লাতিনি উয়েফার প্রেসিডেন্ট। এ পদে থেকে কোনো বিশেষ ইউরোপীয় ক্লাবের প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারেন না। তবে অনেক সময় পদ-পদবি ছাপিয়েও মনুষ্য-সত্তা অনেক সময় বড় হয়ে ওঠে। ইতালীয় ক্লাব জুভেন্টাসে একসময় খেলেছেন। সাদা-কালো স্ট্রাইপ জার্সিধারী তুরিনের এই ক্লাবটির প্রতি প্লাতিনির আলাদা টান থাকাটা অমূলক নয়। অনেক সময় তাই জুভেন্টাসের প্রতি তাঁর প্রকাশিত দুর্বলতাও ক্ষমা-সুন্দর দৃষ্টির বাইরে চলে যায় না।প্লাতিনিকে পেয়েই ইতালির বিখ্যাত ফুটবল দৈনিক গাজেত্তা দেল্লা স্পোর্তো জানতে চেয়েছিল জুভেন্টাস সিরি আর শিরোপা জেতায় তাঁর অনুভূতি। ক্লাবটির প্রতি দুর্বলতা চেপে রেখে উয়েফা প্রেসিডেন্টর সত্তাটি বাইরে নিয়ে এলেন প্লাতিনি। বললেন, ‘উয়েফা প্রেসিডেন্ট হিসেবে কোনো বিশেষ ক্লাবকে নিয়ে মন্তব্য করাটা আমার ঠিক হবে না।’ এর পরক্ষণেই প্লাতিনি যেন কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠলেন। বললেন, ‘জুভেন্টাসের প্রতি আলাদা একটা জায়গা আমার মনে সব সময়ই থাকবে। জুভেন্টাস ভালো করলে আমি সব সময়ই খুশি হই। অবশ্যই সিরি আ জেতায় আমি খুশি হয়েছি।’এরপর যেন জুভেন্টাসের সুহূদ হয়েই দিলেন কিছু পরামর্শ। বললেন, সিরি আতে জুভেন্টাস চ্যাম্পিয়ন হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ভালো করাটা খুব সম্ভবত ওদের জন্য কঠিন হবে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের কঠিন পর্যায়ে জুভেন্টাসকে ভালো করার জন্য সময় দিতে হবে। দীর্ঘদিন চ্যাম্পিয়নস লিগে না খেলাটা দলটির জন্য ক্ষতির কারণ হয়েছে।’ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার প্লাতিনি ১৯৮২ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে খেলেছিলেন। রয়টার্স।