প্লাতিনির সঙ্গে মিটে গেল ম্যারাডোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশেল প্লাতিনি নিজেকে চরম সৌভাগ্যবান মনে করতে পারেন। ডিয়েগো ম্যারাডোনা কাউকে মন্দ কথা বলে পরে ক্ষমা চেয়েছেন, এমন ঘটনা মনে করা কঠিন। সেই ঘটনা ঘটল। ম্যারাডোনা ক্ষমা চাইলেন ফরাসি কিংবদন্তির কাছে!দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যারাডোনা নিজে থেকেই একটা চিঠি দেখালেন সাংবাদিকদের। বললেন, এই চিঠিটা নাকি প্লাতিনি তাঁকে পাঠিয়েছেন। চিঠিতে প্লাতিনি বলেছেন, ম্যারাডোনা সম্পর্কে তিনি কখনো কোনো খারাপ মন্তব্য করেননি। আর তাতেই মন বদলে গেছে আর্জেন্টিনা কোচের।এর আগে শোনা গিয়েছিল, প্লাতিনি বলেছেন, ম্যারাডোনা ভালো খেলোয়াড়, ভালো কোচ নন। জবাবে প্লাতিনি সম্পর্কে ম্যারাডোনা বলেছিলেন, ‘সে মনে করে, সে বাকি সবার চেয়ে অনেক ভালো।’ কিন্তু ম্যারাডোনা এদিন সংবাদ সম্মেলনে বললেন, ‘মিস্টার প্লাতিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন, সেটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। এখানে উনি ব্যাখ্যা করেছেন, আপনারা সাংবাদিকেরা যা বলেছেন, সে ধরনের কিছু উনি কখনো বলেননি। তাই সাংবাদিকদের মাধ্যমেই আমি প্লাতিনির কাছে ক্ষমা চাচ্ছি, তবে পেলের কাছে কিন্তু না।’প্লাতিনি প্রসঙ্গে ম্যারাডোনা একটু নরম। কিন্তু আবার উত্তেজিত হয়ে উঠলেন, ম্যাচ শেষে বা আগে খেলোয়াড়দের চুমু খাওয়া প্রসঙ্গ আসতেই। সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, আর্জেন্টাইন কোচ এটা কেন করেন? সোজা উত্তর না দিয়ে বাঁকাভাবে ম্যারাডোনা বললেন, ‘দেখুন, আমি এখনো মহিলাদেরই পছন্দ করি। এখন আমি ভেরোনিকার সঙ্গে প্রেম করছি, যে কিনা ৩১ বছর বয়সী স্বর্ণকেশী সুন্দরী। তাই আমাকে সমকামী ভাববেন না। আমি এটা করি (খেলোয়াড়দের চুমু খাওয়া) তাদের অভিনন্দন জানাতে।’ম্যারাডোনাকে সোজা প্রশ্ন করাটাও কিন্তু বিপদের কাজ! এএফপি, ওয়েবসাইট।