কলকাতা নাইট রাইডার্স বা মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ ছিল না কাল। তবু এই দুই দল উঠে গেল আইপিএলের শেষ চারে (প্লে-অফ)। দুই দলের পথের কাঁটা হয়ে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব, কিন্তু ধ্বংসস্তূপ থেকে উঠে এসে প্লে-অফের স্বপ্ন দেখা দলটি শেষ ম্যাচে কাল ৮২ রানে হেরেছে ডেকান চার্জার্সের কাছে। আগেই প্লে-অফ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবকে মাশুল দিতে হয়েছে আসলে বাজে ফিল্ডিংয়ের। এক গাদা ক্যাচ মিসের ফায়দা তুলে উদ্বোধনী জুটিতেই ১৩১ রান তোলেন শিখর ধাওয়ান ও রবি তেজা। দুজনই পেয়েছেন টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোর। তেজা ৪১ বলে ৬০ আর ৫৭ বলে অপরাজিত ৯৫ ধাওয়ান। সেঞ্চুরির জন্য শেষ ওভারে ধাওয়ানের প্রয়োজন ছিল ৬, মাত্র ১ বল স্ট্রাইক পেয়ে ১-এর বেশি করতে পারেননি। শুরুতেই ২ উইকেট হারানো পাঞ্জাবকে ম্যাচে রেখেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিন্তু ৩৭ বলে ৫১ করে অধিনায়কের বিদায় আর অমিত মিশ্রর হ্যাটট্রিক নিশ্চিত করে দেয় বড় পরাজয়। আইপিএলের এটি অষ্টম হ্যাটট্রিক, মিশ্রর দ্বিতীয়। প্রথমটি করেছিলেন প্রথম আইপিএলে, বর্তমান দল ডেকানের বিপক্ষেই। আইপিএলে দুটি হ্যাটট্রিক আছে আর একজনেরই—যুবরাজ সিং! দিল্লি ডেয়ারডেভিলস ও পুনে ওয়ারিয়র্সের দিনের অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত। দিল্লি ১০.১ ওভারে ৩ উইকেটে ৫৬ রান তুলতেই নামে বৃষ্টি। খেলা আর শুরুই হতে পারেনি। ওয়েবসাইট।