প্লেঅফে মুখোমুখি রোনালদো-ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিমোভিচ ও রোনালদোর মধ্যে একজনই পাবেন পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ
ইব্রাহিমোভিচ ও রোনালদোর মধ্যে একজনই পাবেন পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ

ভাগ্য সহায় না থাকলে এ সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে শুধু একজনই পেতেন বিশ্বকাপে খেলার সুযোগ। ফ্রান্স আর পর্তুগালের এই সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা নিয়েই আজ অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান প্লে অফের ড্র। শেষ পর্যন্ত অবশ্য এই সংঘর্ষ এড়িয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেছে ইউরোপের অন্যতম প্রধান এই দুই ফুটবল শক্তি।

কিন্তু একই সঙ্গে আজকের এই প্লেঅফের ড্র সময়ের আরেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের মুখোমুখি করে দিল রোনালদোকে। রোনালদো কিংবা ইব্রা—এই দুজনের একজনকে আগামী বিশ্বকাপটা দর্শক হয়েই দেখতে হবে, এটা এখন নিশ্চিত।

ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এখন ফ্রান্সকে দুই লেগের প্লে অফ খেলতে হবে ইউক্রেনের বিপক্ষে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার মিশন নিয়ে আইসল্যান্ড মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ২০০৪ সালের ইউরো কাপজয়ী গ্রিসকে খেলতে হবে রোমানিয়ার বিপক্ষে।

আগামী ১৫ নভেম্বর প্রথম লেগের খেলায় মুখোমুখি হবে ইউরোপিয়ান বাছাইয়ের গ্রুপ পর্বের সেরা আট রানার্স আপ দলগুলো। ফিরতি লেগের খেলাটি হবে ১৯ নভেম্বর। এর পরই জানা যাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ইউরোপ থেকে সরাসরি সুযোগ পাওয়া নয়টি দলের সঙ্গী হচ্ছে কোন চারটি দল।

ইউরোপ থেকে ইতিমধ্যেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে বেলজিয়াম, ইতালি, জার্মানি, হল্যান্ড, ইংল্যান্ড, রাশিয়া, সুইজারল্যান্ড, বসনিয়া ও স্পেন।

ইউরোপিয়ান বাছাই প্লে অফ

পর্তুগাল বনাম সুইডেন

ফ্রান্স বনাম ইউক্রেন

গ্রিস বনাম রোমানিয়া

আইসল্যান্ড বনাম ক্রোয়েশিয়া