প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল লড়াইয়ে গ্রুপ পর্ব পেরোতে না পারলেও প্লেটপর্বে যথারীতি দুর্দান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল আবুধাবিতে নিউজিল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন হয়েছে তারা।
এ নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চারবার প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্লেট চ্যাম্পিয়ন মানে টুর্নামেন্টে নবম হওয়া। কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া একটা দলের জন্য সেটাও এক অর্জন। মেহেদি হাসানের দল সেটা অর্জন করল কাল প্লেট ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে। তথ্যসূত্র: ক্রিকইনফো।
বাংলাদেশের তরুণেরা করেছিল ২২৩ রান। জবাবে স্পিনের সামনে কিউইরা ১৪৬ রানে অলআউট। বাংলাদেশের ইনিংসটা মূলত দ্বিতীয় উইকেট জুটির ওপর দাঁড়ানো। ওপেনার জয়রাজ (৫) আউট হন ২১ রানে। তারপর দ্বিতীয় উইকেটে সাদমান ও লিটনের ১২৪ রানের জুটি দলকে নিয়ে যায় ১৪৫ পর্যন্ত। এর সঙ্গে আর ৭৮ রান যোগ হওয়ার পর অলআউট। সাদমান ১৩ চারে ১১৩ বলে করেছেন ৯৭ রান। ৬ ম্যাচে ১০১.৫০ গড়ে ৪০৬ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান তাঁরই। এক ছক্কা, ১০ চারে লিটন দাস ৭৫ বলে করেন ৭৯ রান। ৮৯ রানেই ৮ উইকেট হারানো কিউইরা ১৪৬ পর্যন্ত যেতে পারে নয়ে নামা ব্রেট র‌্যানডেলের হাফ সেঞ্চুরিতে (৫১*)। ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন মোসাদ্দেক, নিহাদুজ্জামান ২টি। ম্যাচসেরা সাদমান।