প্লেটে অজেয় বাংলাদেশ
বাংলাদেশ যে প্লেটের ‘অপ্রতিরোধ্য’ দল, প্রমাণিত হলো তা আরও একবার। প্লেটের ফাইনালে আয়ারল্যান্ডকে ১৯৫ রানে হারিয়ে কোয়ার্টার শেষ দিকের আট দলের সেরা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই নিয়ে ছোটদের বিশ্বকাপে সাতবার অংশগ্রহণ করে তিনবার প্লেট চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ, প্লেট রানার্সআপ একবার। প্লেট শিরোপার সঙ্গে কাল অনেক কিছুই পেয়েছে বাংলাদেশ, টুর্নামেন্টের প্রথম দল হিসেবে তিন শতাধিক রানের স্কোর, রানের হিসাবে দ্বিতীয় বৃহত্তম জয়, কামরুল ইসলাম রাব্বি করেছেন হ্যাটট্রিক। তবে এসবেও কি মাহমুদুল হাসানের দল সন্তুষ্ট হতে পারে? নিউজিল্যান্ড গিয়েছিলেন কমপক্ষে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে!টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৮ উইকেটে ৩০৭ রান করে সবার মিলিত অবদানে, ২০ রানের বেশি করেছেন প্রথম ৭ ব্যাটসম্যানের সবাই। বাংলাদেশকে ৮.৪ ওভারে ৪৫ রানের একটা মোটামুটি শুরু এনে দিয়েছিলেন অমিত মজুমদার ও আনামুল হক। ৭ রানের মধ্যে এই দুজনের বিদায়ের পর ৪৬ রানের জুটি গড়েন সৈকত আলী ও মোমিনুল হক। চতুর্থ উইকেটে শুধু এই ম্যাচেরই নয়, টুর্নামেন্টেই দলের সবচেয়ে বড় জুটিটি গড়েন মোমিনুল ও অধিনায়ক মাহমুদুল। ১০০ বলে ৮১ রান করেন ম্যাচসেরা মোমিনুল, ৬৪ বলে ৫২ মাহমুদুল, আর ২২.১ ওভারে দুজনের জুটি ১১৯ রানের। ৪৪তম ওভারের শেষ বলে মোমিনুল আউট হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ২২৪, সেখান থেকে স্কোর তিন শ পার হয়েছে মূলত দুই লেগ স্পিনিং অলরাউন্ডার নূর হোসেন ও সাব্বির রহমানের দুটি টর্নেডো ইনিংসের কল্যাণে। ২৪ বলে ২ চার ও ৩ ছয়ে ৪৭ রান করেন সাব্বির, ১ চার ও ৩ ছয়ে মাত্র ১২ বলে ৩১ নূর, দুজনের ৬৯ রানের জুটিটি মাত্র ২৯ বলে গড়া।মিডিয়াম পেসার আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১১ ওভারেই লড়াই থেকে ছিটকে পড়ে আইরিশরা। ৩৯ রানে ৫ উইকেট হারায় তারা, যার ৩টিই নেন আলাউদ্দিন। শুরুর মতো শেষটাও করেন আরেক পেসার, ইনিংসের ৩৯তম ও নিজের পঞ্চম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওভারে টানা ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে ১১২ রানেই শেষ করে দেন কামরুল।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩০৭/৮ (মমিনুল ৮১, মাহমুদুল ৫২, সাব্বির ৪৭, সৈকত ৩৪, নূর হোসেন ৩১, আনামুল ২৩, অমিত ২২; বালবিরনাই ৪/৫৯)। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৩৮.৫ ওভারে ১১২ (আকল্যান্ড ৩৪*; কামরুল ৩/২১, আলাউদ্দিন ৩/৩৩, মাহমুদুল ১/৯, নূর ১/১৯)।