
গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার লিগ বা কাপ পর্বে খেলা হয়নি। বাংলাদেশকে খেলতে হয়েছে প্লেটে। সেখানে অবশ্য দুরন্ত গতিতেই ছুটছেন যুবারা। আজ প্লেটের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।
যুব বিশ্বকাপে প্লেটের ফাইনাল খেলার অভিজ্ঞতা বাংলাদেশের এটিই প্রথম নয়। এ পর্যন্ত সর্বাধিক তিনবার প্লেট চ্যাম্পিয়ন হয়েছেন যুবারা। তবে প্লেট চ্যাম্পিয়ন হয়ে সেটা নিয়ে গর্ব করার সময় বাংলাদেশ পেরিয়েছে আগেই।
ব্যাটে-বলে ভালো একটা দিন গেল আজ বাংলাদেশের যুবাদের। প্রথমে ব্যাট করে মোসাদ্দেক হোসেনের ৬৬ বলে অপরাজিত ৮৮ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ তোলে ২৬৫ রান। জবাবে জিম্বাবুয়ে বিনা উইকেটে ৪৭ রান তুলে ফেলেছিল। সেখান থেকে মুহূর্তেই ৫ উইকেটে ৬৫! মাত্র ১৮ রান আর ৪২ বলের মধ্যে পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে জিম্বাবুয়ে তখন কাঁপছে। এরপর ষষ্ঠ ও অষ্টম উইকেটে ৫০ ও ৬২ রানের দুটো জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা জিম্বাবুয়ে করেছে বটে। তবে সেটা ছিল কেবলই পরাজয় বিলম্বিত করা। শেষ পর্যন্ত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৯৩।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫০ করেন লুক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান। নিহাদুজ্জামান ও মুস্তাফিজুর রহমানের ঝুলিতে ২টি করে উইকেট।
ব্যাট হাতেও ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন বাংলাদেশের তরুণেরা। মোসাদ্দেকের ৮৮ রানের পাশাপাশি জয়রাজ শেখ করেন ৫৮, ৪৭ করেছেন লিটন দাস। পুরো টুর্নামেন্টে ভালো খেলা সাদমান ইসলাম ৩৪ রানের ইনিংস খেলে টুর্নামেন্টের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। ৩০৯ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাদমান আছেন দ্বিতীয় স্থানে।
জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একটু ধীরগতিতেই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ও জয়রাজ শেখ। ১৭তম ওভারে যখন সাদমান আউট হন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৬৫ রান। তবে দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তি গড়ে দেন জয়রাজ ও লিটন দাস। রানের চাকাও বেশ দ্রুতই ঘুরিয়েছেন তাঁরা। ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৪১ রান। এরপর টানা দুই ওভারে হারাতে হয়েছে লিটন ও জয়রাজের উইকেট। দ্রুতই দুই উইকেট হারানোর ধাক্কাটা অবশ্য টের পেতে দেননি মোসাদ্দেক। শেষ পর্যন্ত টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি তুলে অপরাজিতই ছিলেন তিনি।