প্লেটের সেমিতে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে মূল পর্বের কোয়ার্টার ফাইনালে ওঠা হয়নি তাদের। শেষ ৮ দলের প্রতিযোগিতা প্লেট পর্বেই এখন নিজেদের প্রমাণ করতে হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। তবে প্লেটের প্রথম ম্যাচে হংকংকে একেবারে উড়িয়ে দিতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল নেপিয়ারের ম্যাকলিন পার্কে হংকংকে ৪ উইকেটে হারিয়ে প্লেটের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামীকাল শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ পর্বের সঙ্গী পাপুয়া নিউগিনি।শাকেরের বোলিং-তোপে ৪৯ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় হংকং। প্রথম ওভারে ওপেনার আশিসকে রানআউট করে বাংলাদেশের উইকেট পাওয়ার শুরু, একপর্যায়ে তাদের পরিণত করে ৫ উইকেটে ৬৫ রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো হংকং শেষ পর্যন্ত রানটাকে ভদ্রস্থ করতে পারে মিডল-অর্ডার ব্যাটসম্যান নিজাকাতের সৌজন্যে। ৯০ বলে ২টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি। শাকের ২৬ রানে নিয়েছেন ৪টি উইকেট। কামরুল ও সাব্বির নিয়েছেন ২টি করে উইকেট। এই ছোট লক্ষ্য টপকাতে গিয়েও ৪০.৪ ওভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে। মুমিনুল করেন সর্বোচ্চ ৩৫ রান। সাব্বির ২২ ও অধিনায়ক মাহমুদুল ২১ রান করেন।প্লেট গ্রুপে দিনের অন্য ম্যাচে পাপুয়া নিউগিনি ৩০ রানে হারিয়েছে আফগানিস্তানকে।সংক্ষিপ্ত স্কোরহংকং: ৪৯ ওভারে ১৫৬ (নিজাকাত ৫৬, বিকাশ ২৬, ওয়াকাস ২৫, ইরফান ২২; শাকের ৪/২৬, সাব্বির ২/২৬, কামরুল ২/৩১)।বাংলাদেশ: ৪০.৪ ওভারে ১৫৭/৬ (মুমিনুল ৩৫, আনামুল ২৩, সাব্বির ২২, তাসামুল ১৭*, আলাউদ্দিন ১১*; ইরফান ২/২৯, আদিত্য ২/২১, আসিফ ১/২৫, অ্যালেক্স ১/২৭)।ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী