প্ল্যাকার্ডটি তেভেজই চেয়েছিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লোস তেভেজের ‘বিতর্কিত’ প্ল্যাকার্ড প্রদর্শনের ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছে তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি। ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না দাবি করে দুঃখ প্রকাশ করেছেন তেভেজ নিজেও। কিন্তু তেভেজের হাতে যিনি প্ল্যাকার্ডটি তুলে দিয়েছিলেন তাঁর দাবি, তেভেজ নিজেই সেটি চেয়েছিলেন!পেশায় স্কুলশিক্ষক সু ব্রাডসেল ঘটনার বর্ণনা দিয়ে ‘দ্য সান’ পত্রিকাকে বলেন, মাঠে শোভাযাত্রার সময় ম্যানসিটির খেলোয়াড়দের বহনকারী উন্মুক্ত বাসের এক পাশে দাঁড়িয়েছিলেন তেভেজ। প্ল্যাকার্ডটি চোখে পড়লে তা ধরার চেষ্টা করেন তিনি। ব্যর্থ হয়ে সমর্থকদের কাছে সেটা বারবার তিনি চাইতে থাকেন।সু ব্রাডসেল বলেন, ‘আমি জানতাম না, প্ল্যাকার্ডটিতে কী লেখা ছিল। আমি শুধু দেখেছি, তেভেজ তা ধরার চেষ্টা করছেন। এ প্ল্যাকার্ডটি এক সমর্থকের কাছ থেকে নিয়ে তেভেজকে ডাকতে থাকি। একপর্যায়ে সেটা আমি তাঁর হাতে তুলে দিই। তেভেজ আমার দিকে তাকিয়ে হাসেন।’৪৪ বছর অপেক্ষার পর গত পরশু ম্যানসিটির ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উত্সবে তেভেজের হাতে দেখা যায় বিদ্রূপাত্মক এই প্ল্যাকার্ড। যাতে লেখা: ‘আরআইপি ফার্গি’। মানে ফার্গুসন রেস্ট ইন পিস, চিরশান্তির নিদ্রায় শায়িত।ব্রাডসেলের দাবি সত্যি হলে প্ল্যাকার্ডটি প্রদর্শন করে তেভেজ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনের ওপর একধরনের প্রতিশোধই নিয়েছেন। কারণ, মৌসুমের শুরুতে ফার্গুসন মন্তব্য করেছিলেন, অন্তত তিনি বেঁচে থাকা পর্যন্ত লিগ শিরোপার দেখা পাবে না ম্যানচেস্টার সিটি।