পড়ে না উইকেট যখন আর কিছুতেই...
স্টিভেন ফ্লেমিংয়ের ডাবল সেঞ্চুরি আর নিজের ৮৯-এর আগেও স্কট স্টাইরিসের মনে পড়ছে, ওই দিন তিনি খুব অসুস্থ ছিলেন। অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে তাঁর ২০৪ রান বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটি হয়ে ছিল প্রায় সোয়া পাঁচ বছর। কমেন্ট্রি বক্সে বসে সেই রেকর্ডটি ভেঙে যেতে দেখেছেন একটু আগে। তাতে মন খারাপ হয়নি বলেই স্টাইরিসের দাবি।বিশ্বাস করাই উচিত। বিশ্ব রেকর্ড-টেকর্ড হলে ভিন্ন কথা। নইলে পার্টনারশিপ রেকর্ড আর এমন কি! অনেক ক্রিকেটারের তা মনেই থাকে না। স্টাইরিসেরও ছিল না। গাপটিল-ম্যাককালাম জুটি যখন দু শর দুয়ারে, স্কাই টিভির পরিসংখ্যানবিদের কল্যাণে তাঁর মনে পড়েছে ২০০৪ অক্টোবরের চট্টগ্রাম।ইয়ান স্মিথের মনে ছিল। কারণ তাঁর রেকর্ডটি ব্যক্তিগত। ১৯৯০ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে ওই ১৭৩ গিলক্রিস্ট-পূর্ব সময়ে কোনো উইকেটকিপার-ব্যাটসম্যানের সবচেয়ে বিধ্বংসী ইনিংসের মর্যাদাও পেয়ে এসেছে। মাত্র ১৩৬ বলে ১৭৩, ২৩টি চার, ৩টি ছয়। ব্রেন্ডন ম্যাককালাম যখন সেটিকে ছাড়িয়ে গিয়ে নিউজিল্যান্ডের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ টেস্ট স্কোরের রেকর্ড গড়ে ফেললেন, ইয়ান স্মিথও তখন কমেন্ট্রি বক্সে। দীর্ঘ ২০ বছর ছায়াসঙ্গী হয়ে থাকা রেকর্ডটা হারিয়ে মন খারাপ হয়নি? হলেও তা স্বীকার করলেন না স্মিথ, ‘২০ বছর তো অনেক, আর কত?’চট্টগ্রামের একটা পার্টনারশিপ প্রীতি আছে। তবে সেই প্রীতির হাত শুধুই অতিথি দলের দিকে বাড়ানো। কালকের আগ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিন শতাধিক রানের যে চারটি জুটি, তার এক থেকে তিন নম্বর চট্টগ্রামে। গাপটিল-ম্যাককালামের ৩৩৯ কাল জ্যাসন গিলেস্পি-মাইক হাসির ৩২০ রানের জুটিকে চার নম্বরে নামিয়ে দিল।চট্টগ্রামে ওই তিনটি জুটির মধ্যে উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ডও আছে। ২০০৮ সালে বিভাগীয় স্টেডিয়ামে নিল ম্যাকেঞ্জি ও গ্রায়েম স্মিথ ভেঙে দিয়েছিলেন প্রায় অর্ধশতাব্দী টিকে থাকা রেকর্ড। এর পাঁচ বছর আগে জ্যাক রুডলফ ও বোটা ডিপেনারের ৪২৯ রানের অপরাজিত জুটিটি এম এ আজিজ স্টেডিয়ামে। একটা পুরো দিন দুজনের ব্যাটে মাথা কুড়ে মরেছিলেন বাংলাদেশের বোলাররা। ওভারের পর ওভার যাচ্ছে, রানের পর রান উঠছে, উইকেট পড়ার নাম নেই—তখন কেমন লাগে ফিল্ডিং দলের?বাংলাদেশের বিপক্ষে তিন শতাধিক রানের পাঁচটি জুটিতেই মাঠে ছিলেন এই দলের মাত্র একজনই। মোহাম্মদ আশরাফুল। গাপটিল-ম্যাককালামের উপহার দেওয়া সর্বশেষ যন্ত্রণাটার সঙ্গে আগের চারটি দুঃস্বপ্নেরও মিল খুঁজে পাচ্ছেন তিনি, ‘অসহ্য লাগে। এমন পার্টনারশিপ হলে আমি শুধু ভাবি, এই যে উইকেটকে এমন ব্যাটিং-স্বর্গ মনে হচ্ছে, কিন্তু আমরা ব্যাটিং করতে নামলেই তা অন্য রকম হয়ে যাবে।’ উইকেটের রাতারাতি রূপ বদল নয়, নিজেদের অক্ষমতার দিকেই ইঙ্গিত আশরাফুলের।অসহ্য লাগে বলছেন। অসহ্য তো লাগারই কথা। হ্যামিল্টনে এই যে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা একসঙ্গে ব্যাটিং করে গেলেন গাপটিল আর ম্যাককালাম—এমন সময়ে নিজেদের উজ্জীবিত রাখার মন্ত্রটা কী? মাঠে কথাবার্তায় আশরাফুল সব সময়ই বাংলাদেশ দলের নেতৃত্বে। গাপটিল-ম্যাককালাম দুঃস্বপ্নের সময়ও তা-ই, ‘কী আর করব, একসময় মজা করতে শুরু করলাম। ওদের বললাম, কি রে তোরা যে এখানেই সব রান করে ফেলছিস, সামনে তো অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ আছে, কিছু রেখে দে।’শেষ পর্যন্ত এই দুঃস্বপ্ন থেকে মুক্তি দিয়েছেন রুবেল হোসেন। এর আগে খেলেছেন মাত্র ৪টি টেস্ট। পঞ্চম টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেটের চেয়েও বড় পাওয়া মানছেন এই জুটির সময় পাওয়া শিক্ষাটাকে, ‘এই টেস্টে সবচেয়ে বড় যা শিখেছি, তা হলো টেস্ট ধৈর্যের খেলা। কাল প্রথম দুটি স্পেল আমি ভালো করেছি। এরপর আর ভালো করতে পারিনি। আজও শেষ স্পেলটা ভালো করলাম। ওদের ওই পার্টনারশিপের সময়টা খুবই কঠিন ছিল।’গাপটিল-ম্যাককালামের জন্য অবশ্যই উল্টো। ম্যাককালামের প্রথম টেস্ট সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে। ২০০৪ সালে ঢাকায় ওই ১৪৩-ই এত দিন টেস্ট-সর্বোচ্চ হয়ে ছিল তাঁর। কাল সেটিকে তো ছাড়িয়ে গেলেনই, ছাড়িয়ে গেলেন স্মিথকেও। ডাবল সেঞ্চুরির সুবাস পেতে পেতে তা হারিয়ে ফেলার দুঃখ ভুলিয়ে দিচ্ছে এই অর্জন, ‘স্মিথের রেকর্ড ভাঙাটা বিশেষ কিছু। ও তো নিউজিল্যান্ডের আইকন।’ম্যাককালামের কাছে যেমন, তেমনি গাপটিলের কাছেও বাংলাদেশ চিরদিন আলাদা হয়েই থাকবে, ‘প্রথম টেস্ট সেঞ্চুরির অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। ১৫০ পেরোনোর পরেও অসম্ভব আনন্দ পেয়েছি।’ দুজনই খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান। ম্যাচের পরিস্থিতি চিন্তা করে নিজেদের ব্যাটিং একটু বদলাতেও হয়েছে। ‘আমরা দুজন সচরাচর এভাবে খেলি না। কিন্তু পরিস্থিতি এমন কিছুই দাবি করছিল। আমি যখন উইকেটে যাই, দুজন শুধু একটা কথাই বলেছি, একটা পার্টনারশিপ করতে হবে। বাংলাদেশের বোলাররা যে চড়াও হয়ে বসেছে, এটা ঠেকাতে হবে’—বললেন ম্যাককালাম।এমনভাবেই ঠেকিয়েছেন যে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে আরেকটি ইনিংস পরাজয়। বাংলাদেশ দলের মতো ম্যাককালামও গুরুত্বপূর্ণ ভাবছেন তৃতীয় দিন সকালটাকে। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মানছেন, তবে সকালে তাড়াতাড়ি দুটি উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশকে ফলোঅন করাতে না পারার কোনো কারণ দেখছেন না।এই টেস্ট ম্যাচ যেন এখন ঘুরপাক খাচ্ছে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায়! ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ তিন জুটি৩৫১ মাহেলা জয়াবর্ধনে ও প্রসন্ন জয়াবর্ধনে শ্রীলঙ্কা-ভারত আহমেদাবাদ ২০০৯৩৪৬ জ্যাক ফিঙ্গলটন ও ডন ব্র্যাডম্যন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন ১৯৩৭৩৩৯ মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড-বাংলাদেশ হ্যামিল্টন ২০১০বাংলাদেশের বিপক্ষে তিন শতাধিক রানের জুটি৪২৯* জ্যাক রুডলফ-বোটা ডিপেনার দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম ২০০৩৪১৫ নিল ম্যাকেঞ্জি-গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম ২০০৮৩৩৯ মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ড হ্যামিল্টন ২০১০৩২০ জেসন গিলেস্পি-মাইক হাসি অস্ট্রেলিয়া চট্টগ্রাম ২০০৬৩১১ কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা ক্যান্ডি ২০০৭