পড়েই যাচ্ছিলেন সাবেলা!

গতকাল বেলজিয়ামের বিপক্ষে ৬৫ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের শটটা বারে লেগে চলে গেল বাইরে। তাতে এতটাই বিস্মিত ও হতাশ হলেন আলেসান্দ্রো সাবেলা, চোখ বন্ধ করে শরীরটাকে পেছনে ছেড়ে দিলেন। অভিব্যক্তি বলছিল, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা দ্বিতীয়টি নেই! সেটি হলেও চলত। ঘটনা হাস্যরসের সৃষ্টি করল তখন, যখন ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যেতে বসলেন আর্জেন্টিনা কোচ!
সাবেলার আকস্মিক পতন ঠেকালেন বেঞ্চে বসা তাঁর এক সহকারী। নইলে কী যে হতো কে জানে! ঘটনাটাকে তুলনা করা হচ্ছে ‘বিবিসি ওয়ানে’ প্রচারিত এক সময়ের বিখ্যাত ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’ কমেডি সিরিয়ালের চরিত্র ডেল বয়ের সঙ্গে। সিরিয়ালের এক পর্বে দেখা যায়, ডেল বয় একটি পানশালায় গল্প করতে করতে হুট করে ভারসাম্য হারিয়ে পপাতধরণিতল!
এ ঘটনা সামাজিক যোগাযোগ সাইটে আলোচনার খোরাক জুটিয়েছে। সাবেলার পতন দৃশ্যকে কেউ কেউ পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে ঝুঁকে পড়ে সেই বিখ্যাত নাচের সঙ্গে তুলনা করেছেন! মেইল অনলাইন।