পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লিগের এবারের মৌসুমে প্রতিপক্ষের মাঠে এর আগের দুটি ম্যাচেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সেলোনাকে। গতকালও স্পোর্টিং গিজনের মাঠে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে কাতালানদের। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে গতবারের শিরোপা জয়ীরা।বেশির ভাগ সময় বলের দখল নিজেদের কাছে রাখলেও গতকাল গোলের দেখা পেতে বেশ কষ্ট করতে হয়েছে বার্সাকে। মাঝ মাঠে ফেব্রিগাস ও ইনিয়েস্তার অনুপস্থিতিটাও কিছুটা ভুগিয়েছে ইউরোপিয়ান শিরোপা জয়ীদের। প্রথমার্ধের ১২ মিনিটে জাভির জোরালো শট ফিরে আসে গোলপোস্টে লেগে। তবে ফিরতি শটেই বল জালে ঝরাতে ভুল করেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার আদ্রিয়ানো। বাকি সময় কয়েকবার ভালো কিছু সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি জাভি-মেসি-ভিয়ারা।ম্যাচ শেষে জয়ের আনন্দে মাতলেও ইনজুরি সমস্যার কারণে কিছুটা দুশ্চিন্তাতেই ভুগতে হচ্ছে বার্সা সমর্থকদের। সানচেজ, ইনিয়েস্তা, ফেব্রিগাসের পর গতকাল ইনজুরির কবলে পড়েছেন এরিক আবিদালও। এখন অন্তত ১০ দিন মাঠের বাইরেই কাটাতে হবে এই বার্সা ডিফেন্ডারকে। রয়টার্স।