পয়েন্ট হারাতে চায় না রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগের চলছে ষষ্ঠ সপ্তাহ। অথচ এখনই হোসে মরিনহো বলছেন আর একটি পয়েন্টও খোয়ানো চলবে না। নিজেদের মাঠে আজ রিয়ালের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনিয়া। রিয়াল মাদ্রিদের কোচকে খেলোয়াড়দের উজ্জীবিত করতে হচ্ছে এই বলে, ‘পয়েন্ট হারাতে না চাইলে সামর্থ্যের সবটুকুই আমাদের ঢেলে দিতে হবে।’ পরিস্থিতিই রিয়াল মাদ্রিদকে এমন চাপের দেয়ালের মধ্যে সেধিয়ে দিয়েছে। প্রথম চার ম্যাচে মাত্র ৪ পয়েন্ট। লিগে গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। অবশ্য টানা দুই জয়ে শুরুর সেই বিভীষিকা কিছুটা কেটেছে। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর লিগে রায়ো ভায়োকানোকে ২-০ গোলে হারিয়ে ‘অসুখী রাজপুত্র’ ক্রিস্টিয়ানো রোনালদোর মনেও সুখ ফিরিয়ে আনা গেছে। ‘মরিনহোর মন্তব্য দলের ক্ষতি করছে’—জাতীয় সমালোচনাও আপাতত বন্ধ। কিন্তু রিয়াল কোচ কি এতেও স্বস্তিতে থাকতে পারেন? চিরশত্রু বার্সেলোনা যে এগিয়ে গেছে ৮ পয়েন্টে। কাল বার্সা জিতে থাকলে ব্যবধান হয়ে গেছে ১১।মরিনহো জানেন, ৮ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শিরোপা ধরে রাখাটা কঠিন। এর মধ্যে আরও পয়েন্ট খোয়ানোর অর্থ হবে দৌড়ের শুরুতেই শত্রুর হাতে শিরোপা তুলে দেওয়া।দলীয় শক্তির বিবেচনাতেই দেপোর্তিভোর আজ দেয়াল হয়ে দাঁড়ানোর কথা নয়। পরিসংখ্যানও দেপোর্তিভোর বিপক্ষেই কথা বলে। সান্তিয়াগো বার্নাব্যুতে সর্বশেষ ছয় ম্যাচেই হেরেছে দেপোর্তিভো। এখানে তাদের সর্বশেষ জয় ২০০৪ সালের অক্টোবরে। অন্যদিকে বার্নাব্যুতে রিয়াল লিগে ১৪ ম্যাচ ধরে অপরাজিত। দেপোর্তিভোর হতাশা বাড়াচ্ছে সাম্প্রতিক ফর্মও। লিগে সর্বশেষ চার ম্যাচেই জয়হীন দেপোর্তিভো। গত সোমবার সর্বশেষ ম্যাচে আবার নিজেদের মাঠে সেভিয়ার কাছে হেরেছে ২-০ গোলে। স্বাভাবিকভাবেই চাপের মুখে থাকা দেপোর্তিভোও জয়ের জন্য মরিয়া। যদিও রিয়ালের চেয়ে মাত্রই ১ পয়েন্ট কম দেপোর্তিভোর।দুই স্প্যানিশ ক্লাবের আজকের লড়াইটা এক দিক দিয়ে পর্তুগিজদেরও লড়াই। ডাগ-আউটে মরিনহো তো আছেনই, মাঠেও রিয়ালের বড় ভরসা একজন পর্তুগিজ, ক্রিস্টিয়ানো রোনালদো। রক্ষণে পেপের সঙ্গে থাকছেন চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ফ্যাবিও কোয়েন্ত্রাও। অন্যদিকে পর্তুগিজ খেলোয়াড়দের ভিড়ে দেপোর্তিভোর নামই হয়ে গেছে ‘পতুর্গিজদের ক্লাব’! তবে স্বদেশিদের নয়, মরিনহোর দৃষ্টি থাকবে এভালদো ফাবিয়ানোর দিকে। এই ব্রাজিলিয়ান পোর্তোয় খেলার সময় ছিলেন মরিনহো-শিষ্য।নিজের দলেও একজন ব্রাজিলিয়ানের দিকে দৃষ্টি দিতে পারেন মরিনহো। কদিন আগেই প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করা কাকাকে আজ দেখা যেতে পারে মাঠে। ওয়েবসাইট।