পয়েন্ট হারাল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মৌসুমের শেষ দিকে এলেই শেখ রাসেল এমন বাজে খেলতে শুরু করে’—রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর ক্লাবটির কোচ মাহমুদুল হক বিরক্তির সুরে বলছিলেন। স্ট্রাইকারদের পায়ে গোল নেই, দুটি গোলের একটি মিডফিল্ডার মেজবাবুলের। অন্যটি ডিফেন্ডার আব্বাস ইনুসাহর। রহমতগঞ্জের দুটি গোলই উগান্ডান স্ট্রাইকার ইদ্রিস কাসিরির।এই ড্রয়ের পরও ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে শেখ রাসেল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এল রহমতগঞ্জ। ৩১ মিনিটে পিছিয়ে পড়ার পর ৭১ ও ৭৭ মিনিটে দুই গোল করে এগিয়ে গিয়েছিল শেখ রাসেল। পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত শেখ রাসেল, পারেনি তাদের গোলরক্ষক মামুন খান রহমতগঞ্জকে পেনাল্টি ‘উপহার’ দেওয়ায়। ৮৭ মিনিটে মামুন বক্সের মধ্যে পাশবন মোল্লাকে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ইদ্রিসও লিগে তাঁর নবম গোল করার সুযোগ পেয়ে যান। আরামবাগের গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরাকে (৮) টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে উঠে এলেন ইদ্রিস।ম্যাচ শুরুর আগে রহমতগঞ্জ কর্মকর্তা হাজী আইয়ুবের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।