ফকল্যান্ড নিয়ে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ, ফকল্যান্ড, আর্জেন্টিনা। আরেকটি বিশ্বকাপের সময় ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আবারও বিপাকে আর্জেন্টিনা। না, মালিকানা নিয়ে এবার আর যুক্তরাজ্যের সঙ্গে ঝামেলা হয়নি আর্জেন্টিনার। ঝামেলাটা হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে।
গত সপ্তাহে স্লোভেনিয়ার সঙ্গে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচটা শুরুর আগে একটা ব্যানার নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টাইনরা। ঝামেলা ওই ব্যানার নিয়েই। ব্যানারে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনারই অংশ। রাজনৈতিক এই দাবি ফিফার নীতিমালার লঙ্ঘন, আচরণবিধির বরখেলাপ—এই অভিযোগেই গতকাল তদন্ত শুরু করেছে ফিফা। দোষী প্রমাণিত হলে শাস্তি পাবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
ব্যানার-লিখন ছিল এ রকম, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’। অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকায় ফকল্যান্ড মালভিনাস নামেই পরিচিত। সেই ১৮৩৩ সাল থেকে দ্বীপপুঞ্জটি ব্রিটিশ শাসনাধীন, অধিবাসী তিন হাজার। এটিকে দখলে নেওয়ার জন্য ১৯৮২ সালে অভিযান চালায় আর্জেন্টিনা। এর পরই বাঁধে ফকল্যান্ড যুদ্ধ। যাতে প্রাণ হারান ২৫০ ব্রিটিশ ও ৬৫০ জন আর্জেন্টাইন সেনা। ব্রিটিশরা পুনর্দখল করে নিলেও আর্জেন্টাইনরা এখনো ভোলেনি সেই স্মৃতি। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই গোল করে ইংল্যান্ডকে বিদায় করে দেওয়ার পর ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ এই জয়।
এত বছর পর আবার কেন ফকল্যান্ড এল আলোচনায়? হতে পারে, বিশ্বকাপ জয়ে মরিয়া আর্জেন্টাইনরা এবার ফকল্যান্ডকেই বানাতে চাইছে নতুন অনুপ্রেরণা! রয়টার্স।