ফকিরেরপুল কর্মকর্তার কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে গতকাল ইয়ংমেন্স ফকিরেরপুল ১-০ গোলে হেরে যায় উত্তর বারিধারার কাছে। ম্যাচটির রেফারি গোলাম মোরশেদ নয়ন মাঠ থেকে ফিরে ফকিরেরপুল হোটেলে ঢোকার মুখে শারীরিকভাবে হেনস্তার শিকার হন একদল ছেলের কাছে। নয়নের অভিযোগ, ‘ফকিরেরপুলের সহকারী ম্যানেজার পিকলু আমাকে মেরেছে, সঙ্গে আরও কয়েকটি ছেলেও গায়ে হাত তুলেছে। মনে হচ্ছিল, ওরা আমাকে মেরেই ফেলবে।’

নয়ন কোনোমতে বাফুফে ভবনে এসে জানান ঘটনাটি। শরীরের আঘাতের চিহ্ন দেখান বাফুফের কর্মকর্তাদের। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলছেন, ‘নয়নের শরীর থেকে রক্ত ঝরেছে। আমরা এ ঘটনার আইনগত ব্যবস্থা নেব।’ ঘটনার পরপরই মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নয়ন একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। কদিন আগেই নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে রেফারি ছিলেন এই নয়ন।