ফকিরেরপুলে আগাম উৎসব
এর আগেও তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এভাবে উৎসবের প্রস্তুতি হয়তো খুব কমই করেছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব। এরই মধ্যে ক্লাবটিতে চলছে আলোকসজ্জা। আজ সন্ধ্যায় একটা ছোটখাটো পার্টিরও আয়োজন করা হয়েছে। সিনিয়র ডিভিশন ফুটবলের এখনো তিন ম্যাচ বাকি। কিন্তু কাগজে-কলমে না হলেও চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলেছে ক্লাবটি। ১৩ খেলায় ১০ জয়, ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে ফকিরেরপুল। দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়ার পয়েন্ট ২২। সমান ম্যাচে ৭ জয়, ১ ড্র তাদের। বাকি ম্যাচের সবগুলোয় ফকিরেরপুল যদি হেরে যায় এবং ভিক্টোরিয়া যদি জেতে তাহলেও পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন হবে না।আগের কমিটির কাছ থেকে হাতবদল হওয়া নতুন কমিটির প্রথম চ্যালেঞ্জই ছিল দলটিকে চ্যাম্পিয়ন করা। ক্লাবের সদস্য সচিব সাব্বির হোসেন বললেন সেটিই, ‘আমরা সবার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম অন্তত সিনিয়র ডিভিশনে ভালো করব। সেটা করে দেখিয়েছি।’ দলের এমন সাফল্য অথচ এই দলটিকে অনুশীলনের জন্য কতই না কাঠখড় পোড়াতে হয়েছে। সাব্বির হোসেন জানালেন, ‘কখনো রমনা পার্কের খালি জায়গায়, কখনো বুয়েট মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বা জহুরুল হক হলের মাঠের অর্ধেক অংশে ছেলেদের অনুশীলন করিয়েছি।’ঢাকার ফুটবলে শেকড় গেড়ে বসেছে পাতানো খেলার বিষবৃক্ষ। দলটির অধিনায়ক আরিফ চৌধুরী জানালেন পাতানো খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি, ‘অনেকেই আমার কাছে পয়েন্ট চেয়েছিল। কিন্তু কাউকে আমরা পয়েন্ট দিইনি। দলের খেলোয়াড় থেকে কর্মকর্তা—সবাই আমরা এ ব্যাপারে সচেতন ছিলাম।’ কোচ স্বপন দাস অবশ্য দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন। তাদের একটাই স্বপ্ন আগামী মৌসুমে পেশাদার লিগে খেলা, ‘আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছি। যদি অন্য কোনো সমস্যা না হয় তাহলে আশা করি আগামী বছর বাংলাদেশ লিগে খেলব।’