ফক্স টিভিতে সব ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে চ্যানেল নাইনের সৌজন্যে বঙ্গবন্ধু কাপের নয়টি ম্যাচই সরাসরি দেখা যাবে। এর সঙ্গে অস্ট্রেলিয়াভিত্তিক ফক্স টিভি যোগ দিলে তো কথাই নেই। টুর্নামেন্টটা পাবে বৈশ্বিক রূপ।
কাল ঠিক এ সুসংবাদটাই জানালেন বঙ্গবন্ধু কাপের স্পনসর চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান, ‘টুর্নামেন্টের সব ম্যাচই দেখাবে ফক্স টিভি (ফক্স এশিয়া)। গোটা এশিয়াতেই তারা এটা কাভার করবে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতেও সম্প্রচারের চেষ্টা চলছে। সম্প্রচার হবে আন্তর্জাতিক মানের। বাংলা ধারাভাষ্য তো থাকবেই, বিদেশ থেকে ইংরেজি ধারাভাষ্যকার আনা হবে।‘ আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত টুর্নামেন্ট নিয়ে আমরা ভালো সাড়া পাচ্ছি।’
১৬-২৭ জানুয়ারি হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টটি। কিন্তু নানা কারণে এটি ১৩ দিন পিছিয়েছে। বিশেষ করে বাহরাইনকে রাখতে গিয়েই পূর্বঘোষিত সময়ে শুরু করা যায়নি। ওই সময়ে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের খেলা আছে, যেহেতু এই দলটিই আসবে বঙ্গবন্ধু কাপে, তাই তাদের সুবিধাটা বিবেচনায় নিতে হয়েছে আয়োজক বাফুফেকে।
মেলবোর্নে গত ৯ জানুয়ারি এএফসির বিশেষ কংগ্রেসে টুর্নামেন্টের পাঁচ বিদেশি দল বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে, বঙ্গবন্ধু কাপ মাঠে গড়াবে ২৯ জানুয়ারি। ফাইনাল ৮ ফেব্রুয়ারি। তবে ঢাকা ও সিলেটে খেলা আয়োজনের পূর্বপরিকল্পনা বহালই আছে।