ফতুল্লার বদলা ক্যানবেরায়

ম্যাচটা যেভাবে শেষ হলো, সেটিই আসলে বলে দিচ্ছে সব। পয়েন্ট থেকে সৌম্যর থ্রো গ্লাভসে নিয়ে মুশফিকুর রহিম একটু অপেক্ষা করলেন। আফগান ব্যাটসম্যান আফতাব আলমের ক্রিজে ফেরার কোনো সুযোগ নেই। স্টাম্প থেকে বেল ফেলে দিলেই হতো। তা না করে মুশফিক যেন স্টাম্প গুঁড়িয়ে দিতে চাইলেন। চাপ-ক্ষোভ-আনন্দ সব একাকার তাতে। এই ম্যাচ নিয়ে এত কথা! হলো তো এবার!
খেলায় ‘প্রতিশোধ’ শব্দটা ঠিক যায় না। তার পরও কিছু ম্যাচে তা ঠিকই উড়ে বেড়ায়। কাল ছিল এমনই এক ম্যাচ। গত বছর মার্চের প্রথম দিনে ফতুল্লায় বাংলাদেশের গায়ে যে অপমানের ছিটে লেগেছিল, সেটিরই প্রতিশোধ এই ক্যানবেরায়।
সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিকুর রহিমকে জানাতে হয়েছিল পরাজিত অধিনায়কের প্রতিক্রিয়া। কাল কথা বলতে গেলেন ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে নিয়ে। সেদিন বাংলাদেশ হেরেছিল ৩২ রানে। সেটির বদলা ১০৫ রানের জয়ে। ওয়ানডে ম্যাচ এর চেয়ে একতরফা হওয়া কঠিন।
কথাটা শুধু জয়ের ব্যবধানের কারণে বলা হচ্ছে না। ম্যাচের ৪৭ ওভার বাকি থাকতেই যে ম্যাচের ফলাফল নিয়ে অনিশ্চয়তার অবসান। চিরন্তন শক্তি স্পিন বাদ দিয়ে এই ম্যাচে বাংলাদেশ ভরসা রেখেছিল পেসে। তা পেসাররাই ম্যাচের ভাগ্য গড়ে দিলেন। রুবেল প্রথম বলেই উইকেট নিয়ে নিলেন। এর আগে-পরের ২ ওভারে মাশরাফির ২ উইকেট। স্কোরবোর্ডে তিনের ছড়াছড়ি —ওভার ৩, রান ৩, উইকেটও ৩। গ্যালারির গর্জনে মানুকা ওভাল তখন যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম!

ক্যানবেরায় ৭-৮ হাজার বাংলাদেশির বাস। গাড়িতে ঘণ্টা দুই দূরত্বের সিডনিতে তো অগুনতি। সিডনি টু ক্যানবেরা হাইওয়েতে কাল সকাল থেকে গাড়ির সারি। গা পুড়িয়ে দেওয়া রোদের দুপুরে স্টেডিয়ামের চারপাশে বাংলায় কলকাকলি। গ্যালারিতে সাড়ে ১৩ হাজার দর্শক ধরে। টিকিট সব বিক্রি হয়ে গেছে অনেক আগেই। তবে বিস্ময়করভাবে বেশ কিছু চেয়ার শূন্যই পড়ে রইল। আফগান দর্শকও কিছু ছিল। তবে একেবারেই সংখ্যালঘু হয়ে। একটু পরপরই বেজে উঠছে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল...’, গ্যালারিতে দুলছে লাল-সবুজ, প্রেসবক্সেও বাংলাদেশের ৩০-৩৫ জন সাংবাদিক। উইকেটটাও যত না অস্ট্রেলিয়ান, তার চেয়ে বেশি বাংলাদেশি চরিত্রের কাছাকাছি।
বাংলাদেশ আসছিল অন্যভাবেও। ম্যাচের প্রথম ৩০ ওভারে মানুকা ওভালে ফতুল্লার অশুভ ছায়া। দুই ওপেনারের অতিসাবধানী শুরুর রেশ ধরে স্কোরবোর্ডে ৪ উইকেটে ১২২। এমন ব্যাটিং উইকেটে বাংলাদেশ তো দেখি ২২০-৩০ করে হারের বন্দোবস্ত করে রাখছে।
শেষ পর্যন্ত যে ২৬৭, সেটির নায়ক সাকিব ও মুশফিক। ১৫.৩ ওভারে ১১৪ রানের জুটি, গড়ে ওভারপ্রতি ৭.৩৫। যতক্ষণ তাঁরা ছিলেন, ২৮০-৯০-ও অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু ৪৫তম ওভারে সাকিব আউট হওয়ার পর রীতিমতো উইকেট-বৃষ্টি! ইনিংসের শেষ বলে কি না অলআউটই! শেষ ৫.২ ওভারে ৬ উইকেট, রান মাত্র ৩৪।
ম্যাচ শেষে স্টেডিয়ামের এক কোণে একটা প্ল্যাকার্ড পড়ে থাকতে দেখা গেল। মাঠ ছাড়ার সময় কেউ ফেলে রেখে গেছে। যাতে লেখা ‘গর্জে ওঠো সাকিব’। ৫১ বলে ৬৩ রানের ইনিংসটি গর্জে ওঠার মতোই। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলা যেটিতে যোগ করেছে বাড়তি মহিমা। পরে বোলিংয়েও ২ উইকেট। সাকিবকে ম্যাচসেরার পুরস্কার দিলেও কোনো প্রশ্ন উঠত না। যেমন প্রশ্ন ওঠেনি ৫৬ বলে ৭১-কে এই স্বীকৃতি দেওয়াতেও।
অথবা ধরুন, মাশরাফি বিন মুর্তজাকেই যদি তা দেওয়া হতো! তাতেও তো অন্যায় হতো না। এই ম্যাচের আগের দিন মাশরাফির সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকেরা বারবার কার্ডিফে অস্ট্রেলিয়ার সেই জয় সম্পর্কে প্রশ্ন করছিলেন। এর পর বাংলাদেশ যে কত বড় দলকে হারিয়েছে, সেই খবর যেন তাঁদের কাছে পৌঁছায়ইনি!
কার্ডিফের কথা কিন্তু মাঠেও মনে করিয়ে দিলেন মাশরাফি। পরে আশরাফুলের সেঞ্চুরিতে আড়ালে চলে গেছে। নইলে কার্ডিফে গড়া নতুন ইতিহাসের প্রথম অধ্যায়টি মাশরাফিরই লেখা। দ্বিতীয় বলেই গিলক্রিস্টকে ফিরিয়ে প্রথম ওভারটি উইকেট-মেডেন। প্রথম স্পেলটির দিকে ফিরে তাকালে এখনো মনে হয়, ‘স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা।’ ৬-২-৫-১!
কালকের মাশরাফিও একই রকম দুর্দান্ত। প্রথম ২ ওভারেই ২ উইকেট, প্রথম স্পেল ৬-২-১০-২। পরে আরেকটি উইকেট নিয়ে সন্দেহাতীতভাবে ম্যাচের সেরা বোলার। এক দলের তিনজন যখন ম্যাচসেরা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, অধিনায়কের জন্য এর চেয়ে আনন্দের আর কিছু হয় না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার সময় মাশরাফির মুখে সেই আনন্দের আভা। ‘আফগানিস্তান-ঝামেলা’ শেষ করে আসল বিশ্বকাপ শুরু করতে পারার স্বস্তিও!
আজকের খেলা
জিম্বাবুয়ে-আরব আমিরাত
(ভোর ৪টা, নেলসন)
আগামীকালের খেলা
নিউজিল্যান্ড-ইংল্যান্ড
(সকাল ৭টা, ওয়েলিংটন)
গতকালের ফল
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৭
আফগানিস্তান: ৪২.৫ ওভারে ১৬২
ফল: বাংলাদেশ ১০৫ রানে জয়ী