ফতুল্লায় একসঙ্গে তিন ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে ঝালিয়ে নিচ্ছেন কোরি অ্যান্ডারসন। পেছনে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হাডিন চেয়ে দেখছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানের শট । ছবি: এএফপি
নিজেকে ঝালিয়ে নিচ্ছেন কোরি অ্যান্ডারসন। পেছনে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হাডিন চেয়ে দেখছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানের শট । ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের অধরা ট্রফিটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে অস্ট্রেলিয়া যে এবার মরিয়া, সেটা তাদের প্রস্তুতি ম্যাচেই স্পষ্ট হয়ে গেল সবার কাছে। স্পষ্ট হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে আটঘাট বেধেই ঢাকায় নেমেছে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের আজকের প্রস্তুতি ম্যাচটা হয়েছে ফতুল্লায়। সেখানকার দর্শকেরা প্রাণভরেই উপভোগ করেছেন অস্ট্রেলীয়দের টি-টোয়েন্টি সক্ষমতা। তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ডও কম যায়নি। অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ ব্যাটিংশৈলীকে দারুণভাবে চ্যালেঞ্জ জানিয়ে তারা ম্যাচটা হেরেছে মাত্র ৩ রানে।

টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৭ উইকেটে ২০০ রান। প্রতি ওভারে ১০ করে। উদ্বোধনী জুটিতে ঝড় তুলেছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ১১৩ রানের জুটিতে ওয়ার্নারের সংগ্রহ ২৬ বলে ৬৫, ফিঞ্চের ২২ বলে ৪৭। আট ওভারের জুটিতে চারের মার ১৬টি  (দুজনের), ছয় ৬টি। ৪৮টি বল খেলে এই দুই ব্যাটসম্যান ১১৩ রান তুলে জানান দিয়ে গেছেন, তাঁদের কেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ভয়ংকর ব্যাটিং জুটি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ওয়ার্নার-ফিঞ্চ ছাড়াও শেন ওয়াটস ১৮ বলে ২৭, ব্র্যাড হজ ২০ বলে ২৫ আর জর্জ বেইলি ১৭ বলে ১৯ রান তুলে অস্ট্রেলিয়াকে ২০ ওভারে পৌঁছে দেন ২০০-তে।

নিউজিল্যান্ডের বোলারদের জন্য আজ ছিল একটা দুঃস্বপ্নের দিন। তারা মনেপ্রাণেই চাইবেন এমন দিনের পুনরাবৃত্তি যেন মূল বিশ্বকাপে আর না হয়। কেন উইলিয়ামসন এক ওভার বল করে দিয়েছেন ২৪ রান। রনি হীরা ২ ওভারে ৪৪ রান। বাকিদের মধ্যে কাইল মিলস ছাড়া কম-বেশি সবাই ছিলেন খরচে। মিলস ৪ ওভার বল করে ২১ রানে নিয়েছেন ২ উইকেট।

২০ ওভারে ২০১ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে কিউইরা থামে ১৯৭ রানে। গাপটিল ৬২ (৩৪), ব্রেন্ডন ম্যাককালাম ৩৭ (১৮) আর কুরে অ্যান্ডারসনের ২৯ (১৭) রানে নিউজিল্যান্ড প্রতিবেশীদের প্রায় ধরেই ফেলেছিল। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল, ব্র্যাড হগ  আর জেমস মুরহেড—প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নেন।

দারুণ এই ম্যাচটির পর দর্শকদের জন্য আরও কিছু চমক অপেক্ষা করছিল। ২০ ওভারের মূল খেলাটি শেষ হয়ে যাওয়ার পর দুই দল পরামর্শ করে আরও দুটি লড়াইয়ে অংশ নেয়। এর একটি ছিল ৫ ওভারের আর আরেকটি মাত্র এক ওভারের।

ওয়ার্নার-ফিঞ্চ-গাপটিলের ব্যাটিংশৈলীর সঙ্গে আরও দুটি বোনাস—ফতুল্লায় আজ দারুণ সময় কাটলো ক্রিকেটপ্রেমীদের!