ফন গাল ইউনাইটেডেই
দায়িত্বটা যে তিনি নিচ্ছেন, সেটা একরকম ঠিকই হয়ে ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। সেটাও এসে গেল কাল। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হয়েছেন লুইস ফন গাল। ৬২ বছর বয়সী ডাচ কোচের সঙ্গে ইউনাইটেডের চুক্তিটা তিন বছরের। ডেভিড ময়েসের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা রায়ান গিগস থাকবেন গালের সহকারী হিসেবে।
এই মুহূর্তে ফন গাল কাজ করছেন হল্যান্ডের কোচ হিসেবে। বিশ্বকাপের পরেই শুরু হবে তাঁর নতুন অভিযান। ইউনাইটেডের দায়িত্ব পেয়ে ফন গাল উচ্ছ্বসিত, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কাজ করতে পেরে আমি দারুণ গর্বিত। এ ক্লাবটি
উচ্চাকাঙ্ক্ষী, আমিও উচ্চাকাঙ্ক্ষী। আমি নিশ্চিত, একসঙ্গে আমরা ইতিহাস গড়ব।’
সহকারী কোচ হওয়ায় খেলোয়াড়ি ক্যারিয়ারটাও শেষ হয়ে গেল রায়ান গিগসের। ইউনাইটেড কিংবদন্তি তাকিয়ে আছেন সামনের দিকে, ‘আমার কাছে আজকের দিনটা অনেক আবেগের, গর্বের, কিছুটা দুঃখের। তবে সামনের কথা ভেবে আমি বেশ রোমাঞ্চিত।’ রয়টার্স।