ফন গালই কোচ হচ্ছেন ইউনাইটেডের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফন গাল
লুই ফন গাল

তবে কি লুই ফন গালই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন? হল্যান্ড জাতীয় দলের কোচের সঙ্গে ইউনাইটেড কর্তৃপক্ষের সব কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বলেই জানিয়েছে একটি ডাচ পত্রিকা। আজ দেশটির জনপ্রিয় দৈনিক ‘ডি তেলিগ্রাফ’ এই খবর দিয়েছে। তবে এ ব্যাপারে কোনো সূত্রের উল্লেখ করেনি। পত্রিকাটির দাবি, ফন গাল আসন্ন বিশ্বকাপের পরেই ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্বভার গ্রহণ করবেন।

ডেভিড ময়েসের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের যাচ্ছেতাই পারফরম্যান্সের ফলে বেশ কিছুদিন ধরেই একজন নামি কোচের সন্ধানে ছিল ইউনাইটেড কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ফন গাল ছিলেন ইউনাইটেড কর্তৃপক্ষের পছন্দের শীর্ষে। কিছুদিন আগে ফন গালের সঙ্গে ইউরোপের কোনো এক জায়গায় এ ব্যাপারে একটি বৈঠকও তারা করেছিলেন বলে খবর এসেছিল। ফন গালের সঙ্গে কথিত সেই বৈঠকের পরেই ময়েসকে ছাঁটাই করে ইউনাইটেড।

ইউনাইটেডের দীর্ঘদিনের খেলোয়াড় রায়ান গিগসকে করা হয়েছে অন্তর্বর্তী কোচ। গিগস চাকরিটা পাকাপাকিভাবেই পেতে চান। এ ব্যাপারে অ্যালেক্স ফার্গুসনেরও সায় আছে। তবে ময়েস-অভিজ্ঞতাটা সুখকর হয়নি বলেই নাকি একজন অভিজ্ঞ কোচের অধীনে ক্লাবের ভার দিতে আগ্রহী কর্তৃপক্ষ।

ডাচ ওই পত্রিকাটি জানিয়েছে ফন গালের সঙ্গে ইউনাইটেডের চুক্তিটি হতে যাচ্ছে মোটা অঙ্কেরই। চুক্তির মেয়াদও কমপক্ষে তিন বছর। ৬২ বছর বয়সী এই কোচের সঙ্গে গতকাল শুক্রবারই চুক্তির বিভিন্ন দিক নাকি চূড়ান্ত করে ফেলেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। চুক্তির অঙ্ক ১০০ মিলিয়ন ইউরোর কম নয়।

ফন গালকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম অভিজ্ঞ কোচ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সমৃদ্ধ ক্যারিয়ারে আয়াক্স, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ফন গাল কবে থেকে ইউনাইটেডের দায়িত্ব নিচ্ছেন—তাঁর দায়িত্ব নেওয়ার দিনক্ষণ জানাতে কিছুটা রসিকতারই আশ্রয় নিয়েছে ডাচ পত্রিকাটি। তারা লিখেছে, ‘বিশ্বকাপ থেকে যেদিন হল্যান্ড বিদায় নেবে, ঠিক সেদিন থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে যাবেন তিনি।’ এএফপি।