ফন গালই সেরা ট্যাকটিশিয়ান!

লুই ফন গালের দল গ্রুপপর্ব পেরোতে পারবে না—টুর্নামেন্ট শুরুর আগে এমনটাই ছিল হল্যান্ডের গণমাধ্যমের অভিমত। কোচ ফন গাল ও তাঁর খেলোয়াড়দের ওপর কোনোরকম আস্থা ছিল না তাদের। কিন্তু সেই হল্যান্ড পরশু মেক্সিকোকে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। সুর পাল্টে ডাচ গণমাধ্যমও ফন গাল ও তাঁর দলের প্রশংসায় পঞ্চমুখ। হল্যান্ড কোচ দেশের গণমাধ্যমকে জবাবটাও দিলেন নগদ। খোঁচা মেরে বলেছেন হঠাৎই করেই হল্যান্ডের গণমাধ্যম এতটা ভালো হয়ে গেল!
কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের প্রতিপক্ষ কোস্টারিকা। মধ্য আমেরিকার এই দেশটির সঙ্গে লড়াইয়ে হল্যান্ড কি ফেবারিট নয়? ডাচ গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবেই নিজের ক্ষোভটা উগরে দিয়েছেন বিশ্বকাপ শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে যাওয়া ফন গাল, ‘ডাচ গণমাধ্যম তো মনে করেছিল আমরা গ্রুপপর্বই পেরোতে পারব না। কাজেই আমরা ফেবারিট হই কীভাবে? আমরা তা নই।’
টুর্নামেন্ট শুরুর আগে যেভাবে সমালোচনা করা হয়েছে ফন গালের ক্ষোভ থাকা স্বাভাবিকই। তবে যেভাবে প্রতিনিয়ত ট্যাকটিক্যাল শ্রেষ্ঠত্ব দেখিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর প্রশংসা পাওয়ারই কথা। মেক্সিকোর সঙ্গে ম্যাচেই ট্যাকটিকস পরিবর্তন করেছেন তিনবার। বদলেছেন খেলোয়াড়দের পজিশনও। পরশু দেশের হয়ে শততম ম্যাচটি খেলতে নামা ডার্ক কাউট যেমন পুরো ৯০ মিনিটে খেলেছেন তিন ভূমিকায়। শুরুতে খেলেন লেফটব্যাক হিসেবে। একটু পরই লেফটব্যাক থেকে তাঁকে সরিয়ে আনা হয় রাইটব্যাকে! শেষ দিকে সেই কাউটকেই ফন গাল খেলিয়েছেন আক্রমণভাগে। বারবার এই পজিশন বদলানোয় অসন্তুষ্ট তো ননই, লিভারপুলের সাবেক ফরোয়ার্ড বরং খুশি। কাউটের কাছে ফন গালই বিশ্বের সেরা ট্যাকটিশিয়ান, ‘ট্যাকটিক্যালি তিনিই সম্ভবত বিশ্বের সেরা। কোন পদ্ধতিতে খেললাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো খেলোয়াড়েরা জানে তিনি ঠিক কী করতে চান। তিনি ম্যাচের আগেই আমাদের বলে দিয়েছিলেন, যদি আমরা আগে গোল খেয়ে পিছিয়ে পড়ি, আমরা খেলার কৌশলটা বদলাব।’
লেফটব্যাক হিসেবে খেলা শুরু করায় কাউট প্রথম খেলেছেন মাঠে ছায়া পড়া অংশে, পরে সরে গেছেন ডান প্রান্তে। এ নিয়ে কাউট মজাও করেছেন, ‘আমি খেলা শুরু করেছিলাম ছায়ার মধ্যে। কিন্তু তিনি আমাক অন্য প্রান্তে নিয়ে রোদের মধ্যে খেলিয়েছেন।’
এই ম্যাচেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ৩ মিনিট করে দুবার পানিবিরতি দেওয়া হয়েছে। ফন গাল স্বীকার করেছেন, এটি তাঁর কৌশল বদলের সহায়ক হয়েছে, ‘এটা সত্যি, পানিবিরতিটা কৌশল বদলাতে সাহায্য করেছে। কারণ পানিবিরতির সময় আমি প্রথমে ৪-৩-৩ ফর্মেশন বেছে নিই। এবং আমরা প্রচুর সুযোগও পেয়েছি। কিন্তু (গিলের্মো) ওচোয়া দারুণ সব সেভ করেছে। তবে এরপরই আমি প্ল্যান ‘বি’তে যাই এবং আমি এটা করেছি পানিবিরতির সময়।’ এএফপি।