ফন গালের আরেকটি জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টারিকার শেষ কিকটা ঠেকিয়ে দিলেন ক্রাল। শ্বাসরুদ্ধকর জয়ের পর এমন পাগুলে দৌড় তো রোবেনরা দেবেনই! l ফিফাডটকম
কোস্টারিকার শেষ কিকটা ঠেকিয়ে দিলেন ক্রাল। শ্বাসরুদ্ধকর জয়ের পর এমন পাগুলে দৌড় তো রোবেনরা দেবেনই! l ফিফাডটকম

বদলির ভেলকিতে ম্যাচ বদলে দেওয়ার বেশ কিছু নজির এই বিশ্বকাপে আগেই দেখিয়েছেন। মেম্ফিস ডিপাই, লেরয় ফার বদলি নেমে জয় এনে দিয়েছেন হল্যান্ডকে। দ্বিতীয় রাউন্ডেই বদলি নামা ক্লাস-ইয়ান হান্টেলারের গোলে জিতেছে দল। তবে সবচেয়ে বড় ভেলকিটা লুই ফন গাল দেখালেন পরশু। সুপার সাব ব্যাপারটিকেও যেন অন্য উচ্চতায় নিয়ে গেলেন ডাচ কোচ। সুপার সাব গোলকিপার!
অনেকে বলতে পারে ফাটকা কাজে লেগেছে গেছে, অনেকের কাছে হয়তো স্রেফ জুয়া। আদতে সিদ্ধান্তটি ছিল অনেক ভাবনাচিন্তা আর প্রতিপক্ষ নিয়ে গবেষণা-বিশ্লেষণের ফসল। হুট করে নয়, ম্যাচ টাইব্রেকারের দিকে গড়ালে টিম ক্রালকে নামানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রেখেছিলেন ফন গাল। সিদ্ধান্তটি যদিও চমক-জাগানিয়া। পেনাল্টি ঠেকানোর খুব বীরোচিত ইতিহাস তো ক্রালের নেই। তবু ক্রালকে বেছে নেওয়ায় ফন গালের যুক্তি, ‘আমার দলের প্রতিটি ফুটবলারেরই সুনির্দিষ্ট কিছু স্কিল আছে, আছে গুণ। আমাদের সব সময়ই মনে হয়ে পেনাল্টি ঠেকানোয় সবচেয়ে আদর্শ হতে পারে টিম। অনেক লম্বা সে, ঝাঁপিয়ে পৌঁছাতে পারে অনেক দূর। ম্যাচ টাইব্রেকারে গড়াতে পারে ভেবে আগেই প্রস্তুতি নিয়েছি আমরা। ওদের পেনাল্টি বিশ্লেষণ করেছি।’
৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ক্রাল মূল গোলকিপার সিলেসেনের চেয়ে ২ ইঞ্চি বেশি লম্বা। গ্রিসের বিপক্ষে আগের ম্যাচে টাইব্রেকারে সবগুলো শটই জালে পাঠিয়েছিল কোস্টারিকা। পরশু কোস্টারিকার ৫ শটের চারটিতেই নিজের বাঁ দিকে ঝাঁপিয়েছেন ক্রাল, একটিতে ডান দিকে। প্রতিটিতেই ছিলেন শটের নিশানায়। বোঝাই যাচ্ছে, ফন গালের বিশ্লেষণ ছিল নিখুঁত! ক্রাল আগেই জানতেন, টাইব্রেকারে গড়ালে ডাক পড়তে পারে তাঁর, ‘ম্যাচের আগে গোলকিপিং কোচ আমাকে বলেছিলেন টাইব্রেকারে গোলকিপার বদলানোর একটা সম্ভাবনা আছে।’
তবে সিদ্ধান্তটি আগে থেকে নেওয়া হলেও মাঠ ছাড়ার সময় সিলেসেনের চোখেমুখে ছিল বিস্ময়ের ছাপ। কারণটি বোঝা গেল ম্যাচ শেষে ফন গালের কথায়, ‘টিম ক্রালকে জানিয়ে রাখলেও সিলেসেনকে আমরা জানাইনি। কারণ আমরা চাইনি, ম্যাচের আগে এটা জেনে ওর মনোযোগ বিঘ্নিত হোক বা হতাশ হয়ে মাঠে নামুক। সব গোলকিপারেরই আলাদা শক্তির জায়গা আছে। আমাদের মনে হয়েছে পেনাল্টি সেভে টিম ভালো করবে। সৌভাগ্যবশত, ভাবনাটা কাজে লেগে গেছে।’
সৌভাগ্য বলাটা আসলে ফন গালের বিনয়। শুধু শুধু গবেষণা-বিশ্লেষণই নয়, ক্রালকে নামানো তো একটা মনস্তাত্ত্বিক খেলাও ছিল! আচমকা এই বদল নিশ্চিতভাবেই ভাবিয়েছে কোস্টারিকানদের। অস্বস্তির প্রতিফলনও পড়েছে কোস্টারিকানদের টাইব্রেকার পারফরম্যান্সে।
তবে আপৎকালীন ব্যবস্থাকে নিয়মিত করার কোনো ভাবনা নেই তুখোড় ট্যাকটিশিয়ান ফন গালের, ‘পরের ম্যাচের একাদশে কে থাকবে, সেটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। অবশ্যই সিলেসেন!’ ফিফাডটকম, গোলডটকম, ইয়াহু স্পোর্টস।