ফন পার্সি এখন ম্যানইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন থেকে ম্যানচেস্টারের দূরত্ব ২৯০ কিলোমিটার। রবিন ফন পার্সি কি এত দিন মনে মনে হিসাব করছিলেন সেটা? করারই কথা, ম্যানচেস্টারের কোনো ক্লাবই যে তাঁর ঠিকানা হচ্ছে, সেটা ছিল একরকম ভবিতব্যই। আর্সেনালের দুয়ারটা অবশ্য পার্সি নিজেই বন্ধ করে দিয়েছিলেন। অনেক দিন ধরেই শিরোপা-খরায় ভুগছে আর্সেনাল, উচ্চাভিলাষী পার্সি তো জিততে চান শিরোপা। ইউরোর পর তাই জানিয়ে দেন চুক্তিটা নবায়ন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই তাঁর। ম্যানচেস্টারের দুই ক্লাবেরই তখন পার্সির দিকে লোলুপ দৃষ্টি, একটু-আধটু শোনা যাচ্ছিল জুভেন্টাসের নামও। দলবদলটা ছিল অনেকটা সময়ের ব্যাপার, অবশেষে বুধবার অবসান ঘটল সব জল্পনাকল্পনার। সব গুজবের পাট চুকিয়ে এই ডাচ স্ট্রাইকার ম্যানচেস্টার ইউনাইটেডেই যোগ দিলেন। গত বুধবার এই বিবৃতিতে নিজেদের ওয়েবসাইটে ঘোষণাটি দিয়েছে ইউনাইটেড। গত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাকে পেতে আনুমানিক ২২-২৪ মিলিয়ন পাউন্ডের মতো খরচ করতে হচ্ছে ইউনাইটেডকে।বেলজিয়ামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পর গতকালই ফন পার্সির লন্ডনে উড়ে যাওয়ার কথা। সেখানেই কিছু আনুষ্ঠানিকতার পর চুক্তি সই করবেন তিনি। জানা গেছে, তাঁর সাপ্তাহিক বেতন হবে দুই লাখ পাউন্ড। শেষ মৌসুমে লিগে গোল করেছিলেন ৩০টি, ম্যানচেস্টার ইউনাইটেড একটা বড় দানই মারল। ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল সবাই গুছিয়ে নিয়েছে নিজেদের ঘর। এত দিন কেবল ইউনাইটেডই তেমন বড় কোনো তারকাকে দলে টানতে পারেনি। বরুসিয়া ডর্টমুন্ডের শিনজি কাগাওয়াই ছিল এ মৌসুমে তাদের বলার মতো শিকার। দলবদলের শেষ সময়টাও ফুরিয়ে আসছিল, স্যার অ্যালেক্স ফার্গুসনের কপালে হয়তো চিন্তার ভাঁজই পড়ছিল। সেটা জানা না গেলেও এখন যে তিনি ভারমুক্ত, এটা নিশ্চিতভাবে বলাই যায়। আক্রমণে রুনি ও পার্সি—ফার্গির দল এবার নিশ্চয়ই গোলের তুবড়ি ছোটাবে!দীর্ঘ সময়ের শিষ্যকে হারিয়ে আর্সেন ওয়েঙ্গার ভেতরে ভেতরে কতটা দগ্ধ হয়েছেন সেটা জানা যায়নি। ওয়েঙ্গার অবশ্য দাবি করছেন, পার্সিকে বিক্রি করে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না তাঁদের, ‘দুর্ভাগ্যবশত, সে এখন ম্যানচেস্টার ইউনাইটেডে। তার মতো একজন দক্ষ খেলোয়াড় হারানো অবশ্যই বিরাট একটা ক্ষতি, কিন্তু ওর চুক্তির বাকি ছিল মাত্র এক বছর। আমাদের তাই কিছু করার ছিল না।’ সামনের সোমবারেই প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ, পার্সির অভিষেক কি সেই ম্যাচেই হতে যাচ্ছে? ইন্টারনেট।