ফন পার্সি চাইছেন ব্রাজিলকে এড়াতে
দল হেরে যাচ্ছে, বেঞ্চে বসে অসহায় খেলা দেখছেন রবিন ফন পার্সি!
এ পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা দল হল্যান্ড, আবার চিলিও দুর্দান্ত আক্রমণাত্মক খেলার প্রদর্শনী রেখে উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। তবে হল্যান্ড-চিলি ম্যাচে ডাচদের নিয়েই বাজিটা বেশি। বেঞ্চে ফন পার্সির বিষণ্ন মুখটা তাই হয়তো নিতান্তই কল্পনার বিষয়। তবে ফন পার্সিকে যে ডাগ-আউটে বসে থাকতে হবে সেটা নিশ্চিত। নিষেধাজ্ঞার জন্য চিলি ম্যাচে মাঠে নামতে পারবেন না ডাচ স্ট্রাইকার।
হল্যান্ড অবশ্য এর মধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। একদিক দিয়ে দেখলে ম্যাচটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এই ম্যাচে হেরে গেলেই গ্রুপে দ্বিতীয় হতে হবে। সে ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। কে সেধে বাঘের ডেরায় ঢুকতে চায়? চাইছেন না ফন পার্সিও, ‘আমার মনে হয় শীর্ষে থেকে গ্রুপ শেষ করাটাই ভালো। সব দলের প্রতি সম্মান রেখেই বলি, টুর্নামেন্টের পরের দিকেই আমরা বড় দলগুলোর মুখোমুখি হতে চাই।’
হল্যান্ড-চিলি ম্যাচটা অবশ্য আগে হবে। ব্রাজিলের ম্যাচটা শুরু হবে পরে। ফন পার্সি সেটা জানেন, ‘আমাদের আগ খেলতে হবে ও অপেক্ষা করতে হবে ব্রাজিল কেমন করে।’ ওয়েবসাইট।