ফন পার্সি জাদুতে আর্সেনালের জয়
তিন দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে কুঁচকির সমস্যা নিয়ে ফিরেছিলেন। সংশয় ছিল মাঠে নামা নিয়েই। সেই সংশয়কে জয় করে শুধু মাঠেই নামলেন না, রবিন ফন পার্সি আর্সেনালকে এনে দিলেন দারুণ এক জয়। গত রোববার টটেনহামের বিপক্ষে ৫-২ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা আর্সেনাল জিতেছে ২-১ গোলে। দুটি গোলই অধিনায়ক ফন পার্সির। এবারের লিগে নিজেদের মাঠে এটাই লিভারপুলের প্রথম পরাজয়। আর্সেনালের জয়ের নায়ক যদি এই ডাচ তারকা হন, লিভারপুলের ট্র্যাজিক হিরোও আরেক ডাচ—ডির্ক কাউট। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি পায় লিভারপুল। কাউট গোল করতে ব্যর্থ। তাঁর শট ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে রুখে দিয়েছেন আর্সেনালের পোলিশ গোলরক্ষক উজকেইজ শেসনি। কাউট শট নেন ফিরতি বলেও। এবারও রুখে দেন শেসনি।ট্র্যাজিক হিরো হতে পারতেন আর্সেনালের ফরাসি ডিফেন্ডার লরাঁ কোসিয়েলনিও। ২৩ মিনিটে তাঁর আত্মঘাতী গোলেই এগিয়ে যায় লিভারপুল। হেন্ডারসনের নিচু ক্রসটি ক্লিয়ার করতে গিয়ে কোসিয়েলনি বল জড়িয়েছেন নিজেদের জালে। অবশ্য ৮ মিনিট পরই হেডে গোল করে কোসিয়েনলিকে ভারমুক্ত করেন পার্সি।লিভারপুলেরই আধিপত্য ছিল ম্যাচে। সুযোগও এসেছে। সেসব কাজে লাগাতে না পারারই খেসারত যেন দিতে হয়েছে ম্যাচ হেরে। আর্সেনালের জয়সূচক গোলটি এসেছে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। ফন পার্সির বাঁ পায়ের দুর্দান্ত ভলি যেন শেল হয়ে বিঁধেছে অ্যানফিল্ডের দর্শকদের বুকে। এই দুই গোলে মৌসুমে পার্সির গোল ৩১টি। এই হারে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার আশাও প্রায় শেষ। পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থাকলেও আর্সেনালের চেয়ে লিভারপুল পিছিয়ে পড়ল ১০ পয়েন্ট।চেলসির হারআর্সেনালের জয়ের আনন্দটা দ্বিগুণ হয়েছে চেলসির হারের সংবাদে। এবার চেলসিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্টব্রম। ফলে গোল ব্যবধানে নয়, চেলসির (৪৬) চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থেকেই আর্সেনাল (৪৯) এখন চতুর্থ স্থানে। বোল্টনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের (৬১) চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল সিটি (৬৬)। অবশ্য টটেনহামের বিপক্ষে আজ রাতেই ম্যাচ ম্যানইউর। এএফপি।