ফন পার্সি বাদ!
রবিন ফন পার্সি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যত ভালোই খেলুন, তাঁর নিজ দেশ হল্যান্ডের কোচ লুইস ফন গালের চিন্তাটা অন্য রকম। তিনি অ্যানডোরা ও রোমানিয়ার বিপক্ষে হল্যান্ডের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ‘আরভিপি’কে একাদশের বাইরেই রাখতে চান। ওই দুই ম্যাচ ফন পার্সি যে খেলছেন না, তা নিশ্চিত করেছেন ডাচ জাতীয় দলের কোচ লুইস ফন গাল। রবিন ফন পার্সির জায়গায় তাঁর পছন্দ ক্লাস-জান হান্টেলার।এ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ ফর্মে থাকা রবিন ফন পার্সিকে একাদশে না রাখার পক্ষে যুক্তিও তুলে ধরেছেন ফন গাল। তিনি বলেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ফন পার্সির জায়গায় শ্যাকলের হান্টেলারকে নিচ্ছি তাঁর খেলার ধরনের কারণে; ফন পার্সি কেবল মূল স্ট্রাইকারের ভূমিকা নিয়ে খেলে থাকে, কিন্তু অ্যানডোরা ও রোমানিয়ার বিপক্ষে আমার প্রয়োজন এমন একজন খেলোয়াড় যে নিজে গোল করতে পারে, অন্যকে দিয়েও করাতে জানে। হান্টেলার, আমার মতে, ওই ধরনেরই এক খেলোয়াড়।’ ফন পার্সিকে যে ফন গাল বাদ দিয়ে দিচ্ছেন না, জানাতে ভোলেননি সেটিও। তিনি বলেছেন, ‘আমি আপাতত ফন পার্সিকে তাঁর খেলার ধরনের বাইরে নিয়ে যেতে চাইছি না।’বিশ্বকাপ বাছাইপর্বের ওই দুই ম্যাচে ফন গাল জাতীয় দলের অধিনায়ক হিসেবে মনোনীত করেছেন পিএসভি আইন্দহোভেনের কেভিন স্ট্রুটম্যানকে। দলে দিরক কুইত ও ওয়েসলি স্নাইডারের মতো অভিজ্ঞ ফুটবলার থাকতে স্ট্রুটম্যানের মতো একজন নবীন খেলোয়াড়কে কেন অধিনায়ক করা হচ্ছে, এ প্রশ্নেরও দুরন্ত জবাব আছে ফন গালের কাছে। তিনি বলেছেন, ‘দলে কুইত ও স্নাইডার দুটো ভিন্ন প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। আমি এমন একজনকে অধিনায়ক করতে চেয়েছি, যে এই দুই প্রজন্মের বাইরে অন্য একটি প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে।’ ওয়েবসাইট।