ফন পার্সি: ব্যথাই যার নিত্যসঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন ফন পার্সি
রবিন ফন পার্সি

ওয়েলসের বিপক্ষে হল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচে কিছুটা অস্বস্তি নিয়েই মাঠ ছেড়েছিলেন রবিন ফন পার্সি। দ্বিতীয়ার্ধে আর মাঠেও নামেননি। অন্য কেউ হলে হয়তো তাঁর চোট শঙ্কায় তোলপাড়ই পড়ে যেত ডাচ শিবির। কিন্তু মানুষটা ফন পার্সি বলেই খুব বেশি চিন্তা করতে হচ্ছে না হল্যান্ড সমর্থকদের। চোটই যে ডাচ অধিনায়কের নিত্যসঙ্গী। ব্যথা-অস্বস্তিকে খুব বেশি পাত্তাও দিচ্ছেন না ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।
২০০১ সালে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরুর পর অসংখ্যবার ইনজুরির কবলে পড়েছেন ফন পার্সি। কখনো হাঁটুতে, কখনো গোড়ালিতে, কখনো কুঁচকিতে। অবস্থা এমন দাঁড়িয়েছে, পুরোপুরি সুস্থ অবস্থায় কোনো ম্যাচ খেলেছেন কি না, সেটাই মনে করতে পারেন না ডাচ তারকা, ‘বিগত পাঁচ-ছয় বছরে এমন কোনো ম্যাচের কথা মনে করতে পারি না যেখানে আমি কোনো না কোনো জায়গায় ব্যথা অনুভব করিনি। কুঁচকিতে আমার যে সমস্যাটা আছে সেটাকে আপনি ইনজুরিও বলতে পারবেন না। আমার এ রকম আরও সমস্যা আছে।’
বিশ্বকাপের গত আসরে যেখানে শেষ হয়েছিল, এবার ঠিক সেখান থেকেই শুরু করছে হল্যান্ড। ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার প্রথম ম্যাচেই পেয়ে যাচ্ছেন পার্সি-রোবেনরা। ইনজুরি ভাবনা দূরে রেখে এখন সেদিকেই নজর দিচ্ছেন ফন পার্সি, ‘আমি আমার কুঁচকির সমস্যা নিয়ে মোটেই ভাবছি না। স্পেনের বিপক্ষে মাঠে নামার জন্য আমি পুরোপুরি প্রস্তুত। স্পেন খুব ভালো দল। আমরাও তাই। ফুটবল এমন একটা খেলা যেখানে আপনার নিজেকে বারবার প্রমাণ করতে হয়। আমরা গতবারের চেয়ে অনেক তরুণ দল নিয়ে এসেছি। স্পেন আছে প্রায় আগের মতোই। এবার আমরা কেমন করতে পারব, সেটা দেখার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।’
স্পেন ছাড়া ‘বি’ গ্রুপে হল্যান্ডের অপর দুই প্রতিপক্ষ চিলি ও অস্ট্রেলিয়া। রয়টার্স