ফন পার্সিকে নিয়ে দড়ি-টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩৭টি গোল করেছিলেন রবিন ফন পার্সি। কিন্তু এবারের মৌসুমে অন্য কোথাও পাড়ি জমাতে চান হল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। তাঁকে দলে ভেড়ানোর জন্য আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টিকে এত সহজে ছেড়ে দিতে চায় না গানাররা। ফন পার্সির প্রতি অন্য ক্লাবের আগ্রহের পরিপূর্ণ সুযোগ নিতে চায় তারা। এই তারকার ছাড়পত্র বাবদ এখন ২০ মিলিয়ন ইউরো দাবি করছে আর্সেনাল। ছয় সপ্তাহ আগে আর্সেনাল ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন রবিন ফন পার্সি। তার পর থেকেই তাঁকে দলে ভেড়ানোর জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। কিন্তু ফন পার্সির বিনিময়ে যে বিপুল অঙ্কের টাকা আর্সেনালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তা দিতে রাজি নয় ক্লাবগুলো। তিন সপ্তাহ আগে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রচেষ্টা নাকচ করে দিয়েছে আর্সেনাল। ফলে আর্সেনাল ছাড়ার প্রবল ইচ্ছা থাকলেও তা বাস্তবে রূপ দিতে পারছেন না ফন পার্সি। তাঁকে থাকতে হচ্ছে আর্সেনালের খেলোয়াড় হিসেবেই।সুযোগ পেলে হয়তো সবার আগে ম্যানচেস্টার ইউনাইটেডেই যেতে চাইবেন রবিন ফন পার্সি। তবে এই ডাচ স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিও। ক্লাবটির অধিনায়ক ভিনসেন্ট কম্পানি সম্প্রতি স্কাই স্পোর্টস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘ফন পার্সির সঙ্গে খেলতে চাওয়ার ইচ্ছাটা অনেকেরই আছে। সে খুবই দুর্দান্ত খেলোয়াড়। গত মৌসুমে তিনি এটা অনেকবারই প্রমাণ করেছেন।’ তবে অন্য কোনো ক্লাবের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত কোথাও যাওয়ার উপায় নেই এই তারকা ফুটবলারের। ২০১২-১৩ মৌসুমের শেষ পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফলে এবারের মৌসুমেই তিনি কাঙ্ক্ষিত দলবদলটা করতে পারবেন, নাকি আরও অপেক্ষায় থাকতে হবে, তা এখনো অনিশ্চিতই থেকে যাচ্ছে। ইএসপিএন